সন্ত্রাসে মদত বন্ধ হলেই পাকিস্তানের সঙ্গে আলোচনা সম্ভব, বার্তা রাহুল গান্ধীর

আমেরিকার শিকাগো বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতার সময় পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি সাফ জানিয়েছেন, প্রতিবেশী দেশ পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ করতে হবে। নিরীহ ভারতীয়দের হত্যা করা হবে এবং একইসঙ্গে পাকিস্তানের সঙ্গে আলোচনা চলবে, এমন পরিস্থিতি মেনে নেওয়া ভারতের পক্ষে সম্ভব নয়। সন্ত্রাসবাদ বন্ধ হলেই আলোচনার পথ প্রশস্ত হতে পারে বলে তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে কেন্দ্রীয় সরকারের বিদেশনীতি নিয়েও সরব হন রাহুল। তাঁর দাবি, আন্তর্জাতিক রাজনীতিতে ভারতের যে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা উচিত ছিল, তা বর্তমানে দেখা যাচ্ছে না। ভারত বিশ্বমঞ্চে ক্রমশ পার্শ্বচরিত্র হয়ে উঠছে বলে তিনি অভিযোগ করেন। আমেরিকা ও ইরানের মধ্যে আলোচনায় পাকিস্তানের ভূমিকার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ভারত বর্তমানে কার্যত দর্শকের ভূমিকায় রয়েছে। ভারতের মতো একটি বড় দেশের আন্তর্জাতিক আলোচনায় আরও সক্রিয় থাকা প্রয়োজন বলে তিনি মনে করেন।
প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জোটনিরপেক্ষ আন্দোলনের ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে রাহুল বলেন, স্বাধীনতার পর থেকেই ভারতের নিজস্ব বিদেশনীতি ও আন্তর্জাতিক অবস্থান ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদেশনীতিকে কটাক্ষ করে তিনি বলেন, আন্তর্জাতিক সম্পর্ক শুধুমাত্র রাষ্ট্রনেতাদের ব্যক্তিগত বন্ধুত্বের ওপর নির্ভর করতে পারে না। দেশের স্বার্থ, অর্থনীতি এবং ভূরাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করেই বিদেশনীতি পরিচালনা করা উচিত। বিদেশের মাটিতে রাহুলের এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
