দিল্লি মেট্রো স্টেশনে ঢুকে পড়ল গরু, ভাইরাল ছবি ঘিরে চাঞ্চল্য

দিল্লি মেট্রোর কর্করডুমা স্টেশনে একটি গরুর উপস্থিতির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে চাঞ্চল্য সৃষ্টি হয়। স্টেশনের এস্কেলেটরের পাশে গরুটিকে দাঁড়িয়ে থাকতে দেখে এক যাত্রী ছবি তুলে দিল্লি মেট্রো রেল কর্পোরেশনকে (ডিএমআরসি) ট্যাগ করে পোস্ট করেন। ছবিতে দেখা যায়, স্টেশনের সিঁড়ির কাছে শান্তভাবে দাঁড়িয়ে থাকা গরুটিকে দেখে যাত্রীরা অবাক হয়ে তাকিয়ে রয়েছেন। এই ঘটনাটি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়।
ঘটনার প্রেক্ষিতে দিল্লি মেট্রো কর্তৃপক্ষ দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছে। যাত্রীদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে ডিএমআরসি জানিয়েছে, স্টেশন চত্বর থেকে পথপশুদের সরিয়ে দেওয়ার জন্য কর্মীদের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট পৌর কর্তৃপক্ষের সঙ্গেও আলোচনা করা হচ্ছে বলে জানানো হয়েছে। ভবিষ্যতে এ ধরনের সমস্যা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।
অন্যদিকে, ছট পুজো শেষে রাজধানীতে ফেরা যাত্রীদের সুবিধার্থে বিশেষ উদ্যোগ নিয়েছে ডিএমআরসি। ১৮ থেকে ২২ নভেম্বর পর্যন্ত আনন্দ বিহার থেকে ব্লু ও পিঙ্ক লাইনে এবং নিউ দিল্লি স্টেশন থেকে ইয়েলো লাইনে ভোর ৫টা ১৫ মিনিট থেকেই মেট্রো পরিষেবা চালু রাখা হয়েছে। রাজীব চক ও কাশ্মীরি গেটের মতো গুরুত্বপূর্ণ ইন্টারচেঞ্জ স্টেশনগুলোতেও অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে যাত্রীরা যানজট এড়িয়ে নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারেন।
