মালদহের হবিবপুরে কার্তিক পুজোয় অশান্তি, মৃত্যু বিজেপি নেতার

মালদহের হবিবপুর ব্লকের ঋষিপুর অঞ্চলের দক্ষিণ চাঁদপুর এলাকায় কার্তিক পুজোর অনুষ্ঠানকে কেন্দ্র করে এক বিজেপি নেতার মৃত্যু হয়েছে। মৃত চন্দন মণ্ডল ওই এলাকার বিজেপির মণ্ডল সহ-সভাপতি ছিলেন। বৃহস্পতিবার রাতে পুজোর অনুষ্ঠানে মারধরের ঘটনায় তিনি গুরুতর আহত হন এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।
পুলিশ সুপার অনুপম সিং জানিয়েছেন, পুজোর অনুষ্ঠানে বিদ্যুৎ বিভ্রাটকে কেন্দ্র করে কানাই চৌধুরী নামে এক ব্যক্তি গন্ডগোল শুরু করেন। সেই গন্ডগোল থামাতে গিয়েই চন্দন মণ্ডল নিগৃহীত হন। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে এবং অভিযুক্ত কানাই চৌধুরীকে আটক করা হয়েছে। এলাকায় মাদক কারবার নিয়ে ওঠা অভিযোগের প্রেক্ষিতে পুলিশ সুপার জানান, নেশার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে কঠোর পদক্ষেপ করা হবে।
শুক্রবার মৃত বিজেপি নেতার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন মন্ত্রী জুয়েল মুর্মু। তিনি পরিবারের প্রতি সমবেদনা জানান এবং ঘটনার বিস্তারিত খোঁজখবর নেন। মন্ত্রী অভিযোগ করেন, পরিকল্পিতভাবে এই ঝামেলা সৃষ্টি করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এছাড়া এলাকায় অবৈধ মদ ও গাঁজার কারবার নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করে পুলিশের সক্রিয় ভূমিকা দাবি করেছেন।
