বালুরঘাটে সরকারি বাসের কন্ডাক্টরকে মারধর, সিট দখল নিয়ে বিবাদের জেরে উত্তেজনা

বালুরঘাটে সরকারি বাসের কন্ডাক্টরকে মারধর, সিট দখল নিয়ে বিবাদের জেরে উত্তেজনা

বালুরঘাট সরকারি বাসস্ট্যান্ডে সিট দখলকে কেন্দ্র করে এক সরকারি বাসের কন্ডাক্টরকে মারধরের অভিযোগ উঠল যাত্রীদের বিরুদ্ধে। শুক্রবার বিকেলে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার (এনবিএসটিসি) একটি বাসে এই ঘটনাটি ঘটে। আক্রান্ত কন্ডাক্টর রাধা রমণ দাস বর্তমানে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর হাতসহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর চোট লেগেছে বলে জানা গেছে।

ঘটনার সূত্রপাত বাসের সিট ধরে রাখা নিয়ে। বাসে ভিড় থাকায় অন্য যাত্রীরা ফাঁকা সিটে বসতে চাইলে সিট দখল করে রাখা যাত্রীদের সঙ্গে তাঁদের বচসা শুরু হয়। কন্ডাক্টর রাধা রমণ দাস পরিস্থিতি সামাল দিতে গিয়ে ওই যাত্রীদের অন্য গাড়িতে যাওয়ার পরামর্শ দেন। অভিযোগ, এই কথা বলার পরই ক্ষিপ্ত হয়ে ওই যাত্রী তাঁকে মারধর করেন। ঘটনার পর অভিযুক্ত যাত্রী বাসস্ট্যান্ড থেকে পালিয়ে যায়।

এই ঘটনার প্রতিবাদে এনবিএসটিসির কর্মীরা কিছুক্ষণের জন্য বাস চলাচল বন্ধ রেখে বিক্ষোভ দেখান। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসে পরিষেবা স্বাভাবিক হয়। এনবিএসটিসির বালুরঘাট ডিপোর পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে এবং ঘটনার বিষয়ে পুলিশ প্রশাসনকে মৌখিকভাবে জানানো হয়েছে। শনিবার এনিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে ডিপো কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *