লোকসভার আসন সংখ্যা ২৫ বছর অপরিবর্তিত রাখার দাবি কংগ্রেসের

লোকসভার আসন সংখ্যা ২৫ বছর অপরিবর্তিত রাখার দাবি কংগ্রেসের

সংসদের শীতকালীন অধিবেশনের আগে লোকসভার আসন সংখ্যা এবং রাজ্যভিত্তিক আসন বণ্টন আগামী ২৫ বছরের জন্য স্থগিত বা ‘ফ্রিজ’ করার দাবি জানিয়েছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তিনি স্পষ্ট করেছেন যে, বর্তমান কাঠামোর মধ্যেই অবিলম্বে মহিলা সংরক্ষণ আইন কার্যকর করতে হবে। এই ইস্যুতে বিরোধী জোট ‘ইন্ডিয়া’ সম্পূর্ণ ঐক্যবদ্ধ রয়েছে বলে তিনি দাবি করেছেন। ডিএমকে এবং এনসিপি (শরদ পাওয়ার) সহ জোটের শরিকরা এই অবস্থানের সঙ্গে একমত বলে জানিয়েছেন তিনি।

জয়রাম রমেশের দাবি অনুযায়ী, বিরোধী জোটের মূল চারটি দাবির মধ্যে রয়েছে লোকসভার বর্তমান ৫৪৩টি আসন সংখ্যা অপরিবর্তিত রাখা, রাজ্যভিত্তিক আসন বণ্টনে কোনো পরিবর্তন না আনা, বর্তমান কাঠামোয় মহিলা সংরক্ষণ আইন চালু করা এবং এই পুরো ব্যবস্থাটি আগামী ২৫ বছরের জন্য স্থির রাখা। সরকারের সীমানা পুনর্বিন্যাস পরিকল্পনা নিয়ে আলোচনার অভাব রয়েছে বলেও তিনি অভিযোগ তুলেছেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এই বিষয়ে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা স্পষ্টভাবে ব্যাখ্যা করার আহ্বান জানিয়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক। সংবিধানের ৮২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ২০২৬ সালের পরবর্তী জনগণনার ভিত্তিতে সীমানা পুনর্বিন্যাসের প্রক্রিয়া শুরু হওয়ার কথা। তবে জনসংখ্যার ভিত্তিতে নতুন করে আসন পুনর্বিন্যাস করলে যে রাজ্যগুলি জনসংখ্যা নিয়ন্ত্রণে সফল হয়েছে, তারা অন্যায্যভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জয়রাম রমেশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *