সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারদের দৈনিক ভাতা বৃদ্ধি করল রাজ্য সরকার

রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর। এবার সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারদের দৈনিক ভাতা বৃদ্ধির প্রস্তাবে অনুমোদন দিল রাজ্যের অর্থ দফতর। রাজ্য সরকারের তরফে নতুন বিজ্ঞপ্তি জারি করে এই ভাতা বৃদ্ধির বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট কর্মীরা এখন থেকে আগের তুলনায় বেশি আর্থিক সুবিধা পাবেন।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারদের দৈনিক ভাতা ৭৫৮ টাকা থেকে বাড়িয়ে ৮২৫ টাকা করা হয়েছে। অর্থাৎ, প্রতিদিনের ভাতার পরিমাণ ৬৭ টাকা বৃদ্ধি পেয়েছে। এই সিদ্ধান্তের ফলে ভলেন্টিয়ারদের দৈনিক আয়ের ক্ষেত্রে কিছুটা স্বস্তি মিলবে বলে মনে করা হচ্ছে।
দৈনিক ভাতার পাশাপাশি সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারদের মাসিক ভাতাও বৃদ্ধি করা হচ্ছে। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী, তাদের মাসিক ভাতার পরিমাণ ২ হাজার টাকা বাড়ানো হয়েছে। সব মিলিয়ে এই সিদ্ধান্তের ফলে সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারদের আর্থিক অবস্থার উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।
