আল আহলির কাছে হার, লিগ শিরোপার দৌড়ে পিছিয়ে পড়ল রোনাল্ডোর আল নাসের

সৌদি প্রো লিগের ম্যাচে আল আহলির কাছে ১-৩ গোলে পরাজিত হলো ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আল নাসের। এই হারের ফলে লিগ জয়ের লড়াইয়ে অনেকটাই পিছিয়ে পড়ল দলটি। বর্তমানে ২৮ পয়েন্ট নিয়ে আল নাসের লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। অন্যদিকে, ৩০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে আল হিলাল ও আল কাদসিয়া।
ম্যাচের ১৪ মিনিটে গোল করে আল নাসেরকে এগিয়ে দিয়েছিলেন রোনাল্ডো। এটি ছিল পেশাদার ফুটবলে তার ৯৮৬তম গোল। তবে চার মিনিট পরেই ব্যবধান বাড়ানোর সুযোগ হাতছাড়া করেন তিনি। পেনাল্টি থেকে নেওয়া তার শট পোস্টে লেগে ফিরে আসে। এই পেনাল্টি মিসের পরেই ম্যাচের মোড় ঘুরে যায় এবং প্রথমার্ধের সংযুক্ত সময়ে গোল করে সমতা ফেরান আল আহলির গালেনো।
দ্বিতীয়ার্ধে আল আহলি আরও আগ্রাসী হয়ে ওঠে এবং আল নাসেরের রক্ষণভাগ চাপে পড়ে যায়। ৭১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আল আহলিকে এগিয়ে দেন ইভান টনি। এর চার মিনিট পরেই রজার ইবানেজ় দলের হয়ে তৃতীয় গোলটি করলে আল আহলির জয় নিশ্চিত হয়ে যায়। পুরো ম্যাচেই রোনাল্ডোকে কড়া মার্কিংয়ে রেখেছিলেন প্রতিপক্ষ ডিফেন্ডাররা। ১০০০ গোলের মাইলফলক স্পর্শ করতে রোনাল্ডোর আর মাত্র ১৪টি গোল প্রয়োজন, তবে এই হারের ফলে আল নাসেরের শিরোপা জয়ের স্বপ্ন বড় ধাক্কা খেল।
