নিম্নচাপের প্রভাবে আজও বৃষ্টি বঙ্গে, কবে থেকে আবহাওয়ার উন্নতি?

নিম্নচাপের প্রভাবে আজও বৃষ্টি বঙ্গে, কবে থেকে আবহাওয়ার উন্নতি?

ঘূর্ণিঝড় ‘আকভান’ শক্তি হারিয়ে বর্তমানে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এখনও দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় রয়েছে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, নিম্নচাপটির একটি অংশ এখনও পশ্চিমবঙ্গের ওপর অবস্থান করছে। শনিবার দুপুরের মধ্যে এটি পশ্চিমবঙ্গ থেকে সরে বাংলাদেশের দিকে অগ্রসর হতে পারে। তবে সোমবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কলকাতায় শুক্রবার রাতভর বৃষ্টির পর শনিবার সকাল থেকে বৃষ্টির দাপট কিছুটা কমেছে, তবে আকাশ সারাদিন মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির জেরে শহরের বায়ুদূষণের মাত্রায় বড় পরিবর্তন এসেছে। কালীপুজোর পর কলকাতার বায়ুর গুণমান সূচক বা একিউআই ২৭৯ থাকলেও, বৃষ্টির পর তা কমে ৩৯-এ নেমেছে। শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২১.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়া বইতে পারে। রবিবার বিকেলের পর থেকে বৃষ্টির দাপট কমতে শুরু করবে। উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও সোমবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে উত্তর ও দক্ষিণবঙ্গ উভয় ক্ষেত্রেই আবহাওয়ার উন্নতি হবে এবং রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *