রামায়ণ চলচ্চিত্র প্রদর্শনের বিরুদ্ধে সরব বিশ্ব হিন্দু পরিষদ, উঠল বিকৃতির অভিযোগ

নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ: রাইজ অফ এ লিজেন্ড’ চলচ্চিত্রটি নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। সংগঠনের সাধারণ সম্পাদক বজরংলাল বাগরা অভিযোগ করেছেন যে, মহর্ষি বাল্মীকির মূল রামায়ণের তথ্য বিকৃত করে এই ছবিতে কাল্পনিক ঘটনা যোগ করা হয়েছে। তাঁর দাবি, ছবিতে ভগবান রামের জীবনের গুরুত্বপূর্ণ চরিত্র ও ঘটনাগুলোকে ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে, যা কোটি কোটি হিন্দুর ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে।
ভিএইচপি-র অভিযোগ, ভগবান রামের মহান উদ্দেশ্যকে খাটো করে এই ছবিতে তাঁকে কেবল স্ত্রীর অপহরণের প্রতিশোধ গ্রহণকারী হিসেবে দেখানো হয়েছে। অহল্যার মুক্তি, নিষাদ রাজ গুহের সঙ্গে বন্ধুত্ব বা কেবদের ভক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো ছবিতে অনুপস্থিত। এছাড়া, রাবণকে নিপীড়িতদের মুক্তিদাতা হিসেবে উপস্থাপন করে একটি রাজনৈতিক আখ্যান তৈরির চেষ্টা করা হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
বজরংলাল বাগরা আরও বলেন, রাবণ ছিলেন অনৈতিক ও অহংকারী, যা রামায়ণের সব সংস্করণেই স্পষ্ট। এই চলচ্চিত্রটি রামায়ণের ঐতিহ্য ও নৈতিক মূল্যবোধের ওপর আঘাত। উল্লেখ্য, নমিত মালহোত্রা ও যশের প্রযোজিত এই ছবিতে রণবীর কাপুর, সাই পল্লবী ও যশ অভিনয় করেছেন। হিন্দু সম্প্রদায়ের অনুভূতিতে আঘাতের অভিযোগে অবিলম্বে এই ছবি প্রদর্শন বন্ধের দাবি জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ।
