আগরতলা পুর নির্বাচনে সব ওয়ার্ডে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী

আগরতলা পুর নির্বাচনে সব ওয়ার্ডে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী

আসন্ন আগরতলা পুর নিগম নির্বাচনে বিজেপির জয়ের ব্যাপারে পূর্ণ আত্মবিশ্বাস প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। রবিবার আগরতলা পুর নিগমের ৩৪ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী তুষারকান্তি ভট্টাচার্যের সমর্থনে বাড়ি বাড়ি প্রচার করেন তিনি। এই প্রচার কর্মসূচিতে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপি এবং রাজ্য সরকারের প্রতি সাধারণ মানুষের পূর্ণ আস্থা রয়েছে। তিনি দৃঢ়তার সঙ্গে জানান, পুর নিগমের ৫১টি ওয়ার্ডেই বিজেপি জয়লাভ করবে।

৩৪ নম্বর ওয়ার্ডে প্রচারের সময় মুখ্যমন্ত্রী কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন। এই এলাকাটি তাঁর শ্বশুরবাড়ি হিসেবে পরিচিত। দীর্ঘ সময় পর এই এলাকায় ফিরে তিনি পুরনো স্মৃতি রোমন্থন করেন। মুখ্যমন্ত্রী জানান, শ্বশুর-শাশুড়ির প্রয়াণের পর এই এলাকায় আসার সুযোগ হয়নি। নির্বাচনী প্রচারের পাশাপাশি তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং নিজের পুরনো সহকর্মীদের সঙ্গেও সাক্ষাৎ করেন। মানুষের সঙ্গে এই ধরনের জনসংযোগের মধ্যে আলাদা আনন্দ রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

উন্নয়ন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, আগরতলা পুর নিগমের মেয়র ও তাঁর টিমের নেতৃত্বে এলাকায় ব্যাপক উন্নয়নমূলক কাজ হয়েছে। আগামী দিনে উন্নয়নের এই ধারাকে আরও গতিশীল করাই সরকারের প্রধান লক্ষ্য। তিনি জানান, বর্তমান উন্নয়নের পাশাপাশি ভবিষ্যতে আরও কতটা কাজ করা যায়, সেটাই এখন মূল চ্যালেঞ্জ। নির্বাচনী ফলাফল নিয়ে তিনি বলেন, বিজেপি শুধু জয়ের লক্ষ্য নিয়ে লড়াই করছে না, বরং প্রতিটি ওয়ার্ডে জয়ের ব্যাপারে তারা নিশ্চিত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *