বৃষ্টির দাপট কমে রোদ ঝলমলে আকাশ, রাজ্যে কি এবার জাঁকিয়ে শীতের পালা?

বৃষ্টির দাপট কমে রোদ ঝলমলে আকাশ, রাজ্যে কি এবার জাঁকিয়ে শীতের পালা?

ঘূর্ণিঝড় অ্যাকভানের অবশিষ্টাংশ নিষ্ক্রিয় হয়ে পড়ায় রাজ্যের আবহাওয়া পরিস্থিতির উন্নতি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে যাওয়ায় আকাশ এখন অনেকটাই পরিষ্কার। সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও, সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্ক থাকবে। মৎস্যজীবীদের জন্য বর্তমানে সমুদ্রে কোনো সতর্কতা জারি করা হয়নি।

উত্তরবঙ্গের জেলাগুলিতেও নতুন করে কোনো বড় সতর্কবার্তা নেই। তবে সোমবার পর্যন্ত সেখানেও কোথাও কোথাও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, উত্তর ছত্তীসগঢ় ও সংলগ্ন এলাকায় থাকা নিম্নচাপটি শক্তি হারিয়ে নিষ্ক্রিয় হয়ে যাওয়ায় উত্তুরে হাওয়া প্রবেশের পথ প্রশস্ত হয়েছে। এর ফলে রাজ্যে শীতের আমেজ ফেরার অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে।

আগামী দুদিন তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন না হলেও, পরবর্তী তিন দিনে সর্বনিম্ন তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৪.৪ ডিগ্রি বেশি। নিম্নচাপের প্রভাব পুরোপুরি সরে যাওয়ায় আগামী কয়েক দিনে তাপমাত্রার পারদ নামার অপেক্ষায় শহরবাসী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *