গুরুতর অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, ভর্তি হাসপাতালে

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্রকে। শনিবার আচমকাই অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্য ও দলীয় কর্মীদের তৎপরতায় তাঁকে প্রথমে হিঙ্গলগঞ্জের একটি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে বসিরহাট জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
বসিরহাট জেলা হাসপাতালেও শারীরিক পরিস্থিতির বিশেষ উন্নতি না হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়। বর্তমানে তিনি আনন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বিধায়কের শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক।
চিকিৎসকদের তত্ত্বাবধানে বর্তমানে তিনি ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন এবং তাঁর জ্ঞান নেই। চিকিৎসকরা তাঁর স্বাস্থ্যের ওপর কড়া নজর রাখছেন। বিধায়কের দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করছেন তাঁর দলীয় কর্মী ও সমর্থকরা।
