সংবাদমাধ্যমের স্টিকার লাগানো গাড়িতে গাঁজা পাচার, মুর্শিদাবাদে ধৃত ২

সংবাদমাধ্যমের স্টিকার লাগানো গাড়িতে গাঁজা পাচার, মুর্শিদাবাদে ধৃত ২

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে সংবাদমাধ্যমের স্টিকার লাগানো একটি বিলাসবহুল গাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে ১২ নম্বর জাতীয় সড়কের জয়কৃষ্ণপুর জল ট্যাঙ্কি মোড়ে নাকা তল্লাশি চালায় পুলিশ। সেই সময় সন্দেহজনক একটি এক্সইউভি গাড়ি আটক করে তল্লাশি চালালে প্রায় ৬১ কেজি ৬০০ গ্রাম উন্নত মানের গাঁজা উদ্ধার হয়। আন্তর্জাতিক বাজারে এই মাদকের মূল্য কয়েক লক্ষ টাকা বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় রাশিদুল শেখ ও নূর হোসেন নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃত রাশিদুলের বাড়ি মালদহের গাজল এলাকায় এবং নূর হোসেনের বাড়ি উত্তর ২৪ পরগনার হাড়োয়া থানা এলাকায়। পুলিশের নজরদারি এড়ানোর জন্য তারা গাড়ির উইন্ড স্ক্রিনে সংবাদমাধ্যমের স্টিকার লাগিয়ে রেখেছিল। তবে তল্লাশির সময় তাদের কাছ থেকে সংবাদমাধ্যমের কোনও বৈধ পরিচয়পত্র পাওয়া যায়নি।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, উত্তর-পূর্ব ভারতের পরিবর্তে ওড়িশা থেকে নতুন রুটে এই মাদক পাচার করা হচ্ছে। ধৃতরা এর আগেও ওড়িশা থেকে মালদহে গাঁজা পাচার করেছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। রবিবার ধৃতদের আদালতে পেশ করে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে সামশেরগঞ্জ থানার পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *