নবান্নের কাছে আবাসনে ৪০ ফ্ল্যাট থেকে লক্ষাধিক টাকার জুতো চুরি

হাওড়ার শিবপুরের হ্যাপি গার্ডেন হাউজিং সোসাইটিতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার ভোররাতে আবাসনের প্রায় ৪০টি ফ্ল্যাটের বাইরে রাখা দামি জুতো চুরি হয়েছে বলে অভিযোগ। এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।

বাসিন্দাদের দাবি, চুরি যাওয়া স্নিকার্স, স্যান্ডেল ও ফরমাল জুতোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ভোর ৪টে থেকে ৫টার মধ্যে ওই ব্যক্তি আবাসনের পাঁচিল টপকে প্রবেশ করে। এরপর ব্লক এ এবং ব্লক বি-র ফ্ল্যাটের বাইরে রাখা জুতোর আলমারি থেকে বেছে বেছে দামি জুতো ব্যাগে ভরে পালিয়ে যায়।

এই ঘটনার পর বাসিন্দারা শিবপুর থানায় সিসিটিভি ফুটেজ জমা দিয়ে অভিযুক্তের শনাক্তকরণ ও জুতো উদ্ধারের দাবি জানিয়েছেন। আবাসনের বাসিন্দাদের অভিযোগ, গত দু’মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার নিরাপত্তা বিঘ্নিত হলো। নবান্নের কাছে অবস্থিত এই আবাসনে বারবার চুরির ঘটনায় প্রবীণ নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। স্থানীয়রা নিরাপত্তা জোরদার করার পাশাপাশি রাতের দিকে পুলিশি টহলদারি বাড়ানোর আবেদন জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *