ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। ২০১৮ সালের মে মাসে আপলোড করা একটি ভিডিওকে কেন্দ্র করে দায়ের হওয়া মানহানির মামলায় এই নির্দেশ দেওয়া হয়েছে। বিকাশ সাংকৃত্যায়ন ওরফে বিকাশ পান্ডে এই মামলাটি দায়ের করেছিলেন।
অভিযোগ, ওই ভিডিওতে রাঠি দাবি করেছিলেন যে, তাঁকে কালিমালিপ্ত করার জন্য বিজেপি আইটি সেল পান্ডেকে ঘুষ দেওয়ার চেষ্টা করেছিল। ভিডিওটি পরে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয় এবং দিল্লির তৎকালীন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সেটি রিটুইট করেছিলেন।
২০১৯ সালের জুলাই মাসে আদালত প্রথমবার রাঠিকে তলব করেছিল। অভিযোগকারীর দাবি, ধ্রুব রাঠি বিদেশে থাকায় বারবার সমন পাঠানোর প্রক্রিয়া ব্যর্থ হয়েছে। গুরগাঁওয়ে তাঁর বাড়িতে সমন দিতে গিয়েও তা কার্যকর করা সম্ভব হয়নি।
অভিযোগকারী দ্রুত আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আদালতের কাছে আবেদন জানিয়েছিলেন। এর আগে ১৭ অক্টোবর আদালত রাঠির বিরুদ্ধে জামিনযোগ্য পরোয়ানা জারি করেছিল, কিন্তু তা কার্যকর না হওয়ায় এবার জামিন অযোগ্য পরোয়ানা জারি করা হয়েছে।
আদালত এই মামলার পরবর্তী শুনানির দিন আগামী ৩ ডিসেম্বর ধার্য করেছে। সমন পাঠানোর প্রক্রিয়া সহজ করার জন্য আদালত অভিযোগকারীকে সংশ্লিষ্ট আধিকারিকের সঙ্গে যাওয়ার অনুমতিও দিয়েছিল। দীর্ঘ সময় ধরে সমন এড়ানোর অভিযোগের প্রেক্ষিতেই আদালত এই কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানা গেছে।
