স্যান্ডপেপারগেট: ফের বল বিকৃতির ছক কষেছিল অস্ট্রেলিয়া?

অস্ট্রেলিয়ান ক্রিকেটের আলোচিত বল বিকৃতি কেলেঙ্কারি নতুন মোড় নিয়েছে। ২০১৮ সালের কেপটাউন টেস্টে স্যান্ডপেপার ব্যবহারের ঘটনার কয়েক মাস পরেই পাকিস্তানের বিরুদ্ধে দুবাই টেস্টে আবারও বলের অবস্থা পরিবর্তনের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছিল বলে এক তদন্তে দাবি করা হয়েছে।
অস্ট্রেলিয়ার এক সংবাদমাধ্যমের তদন্তে উঠে এসেছে, পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ইনিংসে বল থেকে প্রত্যাশিত মুভমেন্ট না পাওয়ায় ড্রেসিংরুমে মিন্ট ব্যবহার করে বলের অবস্থা পরিবর্তনের প্রস্তাব ওঠে। একজন ক্রিকেটার মিন্ট এবং বলের দায়িত্বে থাকা ব্যক্তির খোঁজ করেন। এই প্রস্তাব দলেরই আরেক সদস্যের তীব্র আপত্তির মুখে পড়ে।
এক বদলি ফিল্ডারকে ড্রেসিংরুম থেকে মিন্ট আনতে পাঠানো হলেও তৎকালীন অধিনায়ক টিম পেইন বিষয়টি বুঝে তাঁকে মাঠে কিছু না আনার নির্দেশ দেন। পরে কোচ জাস্টিন লাঙ্গার ড্রেসিংরুমে ক্রিকেটারদের কড়া ভাষায় সতর্ক করেন এবং দলের ভাবমূর্তি নষ্ট হয় এমন কোনো কাজ না করার বার্তা দেন।
একই তদন্তে কেপটাউন কাণ্ডের পর দলের অভ্যন্তরীণ পরিস্থিতি সম্পর্কেও নতুন তথ্য সামনে এসেছে। দাবি করা হয়েছে, অলরাউন্ডার মিচেল মার্শ সরাসরি ডেভিড ওয়ার্নারের মুখোমুখি হয়ে ঘটনার দায় এড়িয়ে না যাওয়ার কথা বলেছিলেন। এই নতুন অভিযোগগুলি পুরো দলের জড়িত থাকার প্রমাণ না দিলেও, অস্ট্রেলিয়ান ক্রিকেটের তৎকালীন সংস্কৃতি এবং কেপটাউন কাণ্ডের তদন্তে সব তথ্য প্রকাশ পেয়েছিল কি না, তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।
