শ্রবণশক্তি হারানোর পর প্রথমবার জনসমক্ষে অলকা ইয়াগনিক, সুভাষ ঘাইয়ের অনুষ্ঠানে আমন্ত্রণ

প্রখ্যাত সংগীতশিল্পী অলকা ইয়াগনিক ২০২৪ সালে বিরল স্নায়বিক সমস্যার কারণে শ্রবণশক্তি হারানোর কথা প্রকাশ্যে এনেছিলেন। এই খবর তাঁর অনুরাগী ও সংগীতপ্রেমীদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করে। এরপর দীর্ঘ সময় তিনি সংগীত জগত থেকে নিজেকে দূরে রেখেছিলেন।
তবে সম্প্রতি জানা গেছে, পরিচালক সুভাষ ঘাইয়ের চলচ্চিত্রজীবনের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠান ‘কেয়া জামানা থা’-তে অলকা ইয়াগনিক উপস্থিত থাকবেন। আগামী ১১ ডিসেম্বর মুম্বইয়ে এই সংগীতানুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। পরিচালক নিজেই গায়িকাকে আমন্ত্রণ জানাতে তাঁর বাড়িতে গিয়েছিলেন।
দীর্ঘ দু’বছর পর কোনো সংগীতের মঞ্চে অলকা ইয়াগনিকের উপস্থিতি নিয়ে অনুরাগীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। যদিও ওই অনুষ্ঠানে তিনি গান গাইবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। দীর্ঘ সংগীতজীবনে তিনি ২১ হাজারেরও বেশি গান গেয়েছেন। অসুস্থতার পর তাঁর এই প্রথম বড় অনুষ্ঠানে অংশগ্রহণ সংগীতমহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে।
