প্রসাধনী ও ফেয়ারনেস ক্রিম বিক্রিতে লাইসেন্স বাধ্যতামূলক করছে স্বাস্থ্য দফতর

ফেয়ারনেস ক্রিমসহ বিভিন্ন প্রসাধনী ব্যবহারের ফলে গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়ার অভিযোগের প্রেক্ষিতে স্বাস্থ্য দফতর এবার প্রসাধনী বিক্রির ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করতে চলেছে। এখন থেকে রূপচর্চার সামগ্রী বিক্রির জন্য লাইসেন্স বাধ্যতামূলক করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
অনলাইনে এই ধরনের পণ্য বিক্রির ক্ষেত্রেও বিশেষ নির্দেশিকা তৈরি করা হবে। দ্রুত এই বিষয়ে রিপোর্ট জমা দেওয়ার জন্য স্বাস্থ্য দফতরের অতিরিক্ত মুখ্য সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়াও, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার দিকে নজর রাখতে নতুন ব্যবস্থা চালু করছে স্বাস্থ্য দফতর। এর জন্য কেন্দ্রীয় মনিটরিং সেন্টার ও রাজ্যের সরকারি হাসপাতালগুলিকে এক ছাতার তলায় আনা হবে। অ্যান্টিবায়োটিক, ডায়াবেটিস, ক্যানসারের ওষুধ এবং শিশুদের ওষুধের ওপর বাড়তি নজরদারি চালানো হবে। পার্শ্বপ্রতিক্রিয়া খতিয়ে দেখতে বিশেষজ্ঞদের নিয়ে একটি বিশেষ উপদেষ্টা কমিটি গঠন করা হবে।
নতুন ব্যবস্থায় চিকিৎসক, নার্স ও ফার্মাসিস্টদের পাশাপাশি রোগী এবং তাঁদের পরিজনরাও সরাসরি ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে রিপোর্ট করতে পারবেন। এর জন্য একটি বিশেষ অনলাইন অভিযোগ জানানোর ব্যবস্থা চালু করা হবে। ওষুধের গুণমান ও ব্যবহারের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ।
