মুম্বইয়ে ৭ বাংলাদেশি গ্রেফতার, অবৈধভাবে বসবাসের অভিযোগ

মুম্বইয়ের ঘাটকোপার এলাকা থেকে বৈধ কাগজপত্র ছাড়া বসবাস করার অভিযোগে সাত বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে ঘাটকোপার পুলিশের এটিসি শাখা জাগৃতি নগর ও সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে তাদের আটক করে।
জিজ্ঞাসাবাদে অসংগতি ধরা পড়লে তাদের ব্যাগ ও মোবাইল ফোন তল্লাশি করে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র ও জন্ম শংসাপত্র উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ধৃতরা গত দশ মাস ধরে থানে জেলার ডোম্বিভলি এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন এবং দিনমজুরির কাজ করতেন। তাদের কাছে ভারতে থাকার জন্য প্রয়োজনীয় পাসপোর্ট বা ভিসা ছিল না।
ধৃতদের নাম মহম্মদ বদরুজ্জামান নজরুল ইসলাম মোড়ল, সোহাগ আব্দুল হান্নান রানা, মনির কালু ফকির, বিপ্লব মহম্মদ জাহাঙ্গীর বাবলু হুসেন, নাইম মিজানুর রহমান শেখ, সাজিদ মহম্মদ শাহজাহান হাওলাদার এবং রাকিব মহম্মদ আবু নাসের হুসেন। পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্ট ও ভারতীয় পাসপোর্ট আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। তাদের নিজ দেশে ফেরত পাঠানোর আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, তারা কোন সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন এবং তাদের আশ্রয় দেওয়ার পেছনে কোনো চক্র সক্রিয় কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থে এই অভিযান চালানো হয়েছে।
