কনফার্ম টিকিটেও বার্থ নেই, ভোগান্তির শিকার যাত্রী

ট্রেনে কনফার্ম টিকিট থাকা সত্ত্বেও বার্থ না পাওয়ার অভিযোগ তুলেছেন এক যাত্রী। ঈশান নামে ওই যাত্রী জানান, তার টিকিটে এ১ কামরার ৫৪ নম্বর বার্থটি নিশ্চিত ছিল। কিন্তু ট্রেনে উঠে তিনি দেখেন, ওই কামরায় মোট ৫২টি আসন রয়েছে। ফলে ৫৪ নম্বর বার্থটি বাস্তবে না থাকায় রাতের সফরে বসার জায়গাটুকুও পাননি তিনি।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর ওই যাত্রী নিজের সংরক্ষিত টিকিটের স্ক্রিনশট এবং কামরার ভেতরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। রাত পৌনে ১১টা নাগাদ এই পরিস্থিতিতে পড়ে তিনি রেলের হেল্পলাইন নম্বর ১৩৯-এ ফোন করে অভিযোগ জানান। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, কামরায় আসন না থাকা সত্ত্বেও কীভাবে সেই বার্থ বুকিংয়ের জন্য উপলব্ধ ছিল।
সোশ্যাল মিডিয়ায় বিষয়টি ছড়িয়ে পড়ার পর রেলওয়ে সেবার পক্ষ থেকে জানানো হয়েছে, জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে অভিযোগটি পাঠানো হয়েছে। তবে এই ঘটনায় রেলের অনলাইন বুকিং ব্যবস্থা নিয়ে সাধারণ যাত্রীদের মধ্যে ক্ষোভ ও সংশয় তৈরি হয়েছে। অনেকেই নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরে ট্রেনের ক্লাস পরিবর্তন বা আসন সংক্রান্ত সমস্যার কথা জানিয়েছেন।
