ভারতে এল ভিভো ওয়াচ জিটি ২, ব্যাটারি চলবে ২৫ দিন

ভারতে নতুন স্মার্টওয়াচ ভিভো ওয়াচ জিটি ২ লঞ্চ করেছে ভিভো। এর দাম ১৪,৯৯৯ টাকা। অবসিডিয়ান ব্ল্যাক এবং স্টেলার হোয়াইট—এই দুটি রঙে এটি পাওয়া যাবে। অ্যামাজন, ফ্লিপকার্ট, ভিভোর ওয়েবসাইট এবং রিটেল স্টোর থেকে এটি কেনা যাবে।
অ্যালুমিনিয়াম বডির এই স্মার্টওয়াচে ২.০৭ ইঞ্চির আয়তকার ২.৫ডি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যার রেজোলিউশন ৪৩২ x ৫১৪ পিক্সেল। স্ক্রিনের রিফ্রেশ রেট ৬০ হার্টজ এবং ব্রাইটনেস ২,৪০০ নিটস। বেজেল ১.৮ মিলিমিটার সরু। ডিভাইসটি ভিভোর ব্লু ওএস ৩.০ অপারেটিং সিস্টেমে চলে।
স্বাস্থ্য সচেতনতার জন্য এতে অপটিক্যাল হার্ট রেট সেন্সর, ব্লাড অক্সিজেন সেন্সর এবং ১০০টিরও বেশি স্পোর্টস মোড আছে। এছাড়া অ্যাক্সেলেরেশন সেন্সর, গাইরোস্কোপ, জিওমেটিক সেন্সর, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর এবং হল সেন্সর রয়েছে। স্মার্টওয়াচটি ২এটিএম জল প্রতিরোধী এবং ব্লুটুথ ৫.৪, এনএফসি, জিপিএস সাপোর্ট করে। জরুরি প্রয়োজনে এসওএস অ্যাসিস্ট্যান্ট সুবিধাও যুক্ত করা হয়েছে। ভিভোর দাবি, একবার চার্জ দিলে এটি ২৫ দিন পর্যন্ত ব্যাকআপ দেবে। একই ইভেন্টে ভিভো তাদের এক্স ৫০০ সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোনও উন্মোচন করেছে।
