কলকাতায় কমল তাপমাত্রা, শীতের আমেজ দক্ষিণবঙ্গে, ঘন কুয়াশায় ঢাকল উত্তর

দক্ষিণবঙ্গ ও কলকাতায় গত কয়েক দিন ধরে আকাশ পরিষ্কার। সকাল থেকে রোদ উঠলেও উত্তুরে হাওয়ার প্রভাবে শীতের আমেজ ক্রমশ বাড়ছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। সকালে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে রোদ উঠবে।
আগামী শুক্রবারের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে পারদ ১৪ থেকে ১৫ ডিগ্রির কাছাকাছি পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। কলকাতায় মঙ্গলবার থেকেই ঠান্ডার অনুভূতি শুরু হয়েছে এবং বুধবার সকালে তাপমাত্রা বেশ খানিকটা কমে গিয়েছিল। বৃহস্পতিবারও শহরের আকাশ পরিষ্কার থাকবে এবং বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। উত্তুরে হাওয়ার দাপটে সকাল ও রাতের দিকে শীতের আমেজ বেশি অনুভূত হবে। আগামী কয়েক দিনে রাতের তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও শীতের প্রভাব ক্রমশ বাড়ছে। সকাল থেকেই বিভিন্ন এলাকা ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে এবং কোথাও কোথাও দৃশ্যমানতা ২০০ মিটার পর্যন্ত নেমে আসছে। আগামী চার থেকে পাঁচ দিন উত্তরবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। নভেম্বরের শেষ দিকে আকাশ পরিষ্কার থাকার পাশাপাশি পারদ পতনের এই ধারা বজায় থাকলে অগ্রহায়ণের মাঝামাঝি থেকেই রাজ্যজুড়ে শীতের আমেজ আরও জোরালো হবে বলে মনে করা হচ্ছে।
