সিজেপি-র আরও দুই নেতার বিরুদ্ধে লুকআউট নোটিস, বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে মুম্বইয়ের শিবাজি পার্কের বিক্ষোভের ঘটনায় সিজেপি-র আরও দুই নেতার বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করা হয়েছে। দীপক এবং রাঙ্কা নামের ওই দুই নেতার বিদেশযাত্রার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এর আগে গত সোমবার রাতে লন্ডন যাওয়ার পথে সিজেপি-র সহ-সমন্বয়ক সৌরভ দাসকে বিমানবন্দরে আটকে দেওয়া হয়। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দিল্লি হাইকোর্টে জানানো হয়েছে, মহারাষ্ট্র পুলিশের আবেদনের ভিত্তিতেই এই লুকআউট সার্কুলার জারি করা হয়েছে।

গত ২ অক্টোবর মুম্বইয়ের শিবাজি পার্কে অনুমতি ছাড়াই প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছিল। এই ঘটনার প্রেক্ষিতে মুম্বই পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার ১৮৯ এবং ২২৩ নম্বর ধারায় মামলা রুজু করে। বিক্ষোভের আয়োজক এবং কয়েকশো অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে দায়ের হওয়া এই এফআইআরের ভিত্তিতেই তদন্ত চলছে।

লুকআউট সার্কুলার জারির ফলে সংশ্লিষ্ট ব্যক্তিরা আন্তর্জাতিক বিমানবন্দর বা সীমান্তবর্তী চেকপোস্ট দিয়ে বিদেশ ভ্রমণ করতে পারবেন না। সৌরভ দাসের ক্ষেত্রে বিদেশ মন্ত্রক জানিয়েছে, তাঁর পাসপোর্টে কিছু অসঙ্গতি রয়েছে। কেন্দ্রীয় সরকারের আইনজীবীর দাবি, এই অসঙ্গতিগুলি তাঁর নাগরিকত্বের ওপরও প্রভাব ফেলতে পারে। এই বিষয়ে সৌরভ দাসকে প্রয়োজনীয় প্রমাণ পেশ করতে বলা হয়েছে। সিজেপি নেতাদের বিরুদ্ধে দায়ের হওয়া এই মামলার তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিদেশযাত্রার ওপর কড়া নজরদারি চালানো হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *