সমাজবাদী পার্টির ইস্তেহার: ৫ টাকায় খাবার, ৪০ হাজার টাকা পেনশন

আসন্ন নির্বাচনকে সামনে রেখে ৩৩ দফা নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল সমাজবাদী পার্টি। অখিলেশ যাদবের দল জনকল্যাণমূলক একাধিক প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছে।
এর মধ্যে রয়েছে দরিদ্রদের জন্য ‘সমাজবাদী ক্যান্টিন’, যেখানে ৫ টাকায় খাবারের থালি পাওয়া যাবে। প্রবীণ মহিলা ও কারিগরদের বছরে ৪০ হাজার টাকা আর্থিক সহায়তা বা পেনশন দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। প্রবীণ নাগরিকদের জন্য বৃদ্ধাশ্রম ও ক্লাব তৈরির পরিকল্পনাও রয়েছে।
কর্মসংস্থান ও শিক্ষাক্ষেত্রে পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছে সমাজবাদী পার্টি। সরকারি চাকরির শূন্যপদ দ্রুত পূরণ, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। পাঁচ বছরে ২৫ লক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ল্যাপটপ প্রদান এবং ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয় পুনরায় চালুর প্রতিশ্রুতিও রয়েছে।
সামাজিক ন্যায়বিচার ও কৃষকদের স্বার্থ রক্ষায় গুরুত্ব দেওয়া হয়েছে। রাজ্যে জাতিগত জনগণনা শুরু করা এবং তার ভিত্তিতে বিভিন্ন শ্রেণির নিরাপত্তা নিশ্চিত করার কথা বলা হয়েছে। কৃষকদের জন্য ন্যূনতম সহায়ক মূল্যের আইনি নিশ্চয়তা, ঋণ মকুব এবং আখচাষিদের বকেয়া দ্রুত মেটানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। মহিলা ও মুসলিমদের বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি এবং অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের জন্য বিশেষ প্রকল্প চালুর কথাও ইস্তেহারে উল্লেখ করা হয়েছে।
