অন্য ভাষায় এআই ব্যবহারে বিদ্যুৎ খরচ ও নির্ভুলতার ঘাটতি, বাড়ছে ডিজিটাল বৈষম্যের ঝুঁকি

সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, ইংরেজি ছাড়া অন্য ভাষায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ব্যবহার করলে বিদ্যুৎ খরচ বহুগুণ বেড়ে যায়। মিশিগান, অ্যাবারডিন ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে, এআই মডেল প্রশ্নকে টোকেনে রূপান্তর করে বিশ্লেষণ করে। ইংরেজি ভাষার তুলনায় পশতু বা তিব্বতি ভাষার ক্ষেত্রে এই টোকেন তৈরিতে ১৮০ গুণেরও বেশি শক্তি ব্যয় হতে পারে।

গবেষণায় দেখা গেছে, যেসব ভাষায় শক্তির খরচ বেশি, সেসব ভাষায় এআইয়ের নির্ভুলতার হারও কম। ভারতীয় ভাষার ক্ষেত্রেও এই বৈষম্য স্পষ্ট। ইংরেজিতে এআইয়ের নির্ভুলতা ৯৪.৬ শতাংশ হলেও হিন্দিতে তা ৭৫.৯ শতাংশ। তামিল, তেলুগু, গুজরাটি ও কন্নড়ের মতো ভাষায় নির্ভুলতা ৬৪ থেকে ৭৫ শতাংশের মধ্যে সীমাবদ্ধ।

গবেষক নাইহাও ডেংয়ের তথ্য অনুযায়ী, ইংরেজিতে একটি কাজের জন্য যে পরিমাণ শক্তি খরচ হয়, হিন্দিতে তার চেয়ে অনেক বেশি শক্তির প্রয়োজন হয়। ডিজিটাল কনটেন্টে ইংরেজি ও পশ্চিমা ভাষার আধিপত্য থাকায় এআই মডেলগুলো প্রশিক্ষণের সময় ভারতীয় ভাষাগুলোর ক্ষেত্রে পিছিয়ে পড়ছে।

বিশেষজ্ঞদের মতে, সব ভাষাকে একই মডেলে বিচার করার পদ্ধতি বিশ্বের বেশিরভাগ ভাষার জন্য কার্যকর নয়। আইআইটি কানপুরের অধ্যাপক অর্ণব ভট্টাচার্যের মতে, এআই মডেলে ইংরেজিকে যেভাবে অগ্রাধিকার দেওয়া হয়, তা ভারতীয় ভাষার ক্ষেত্রে প্রযোজ্য নয়। ভারতীয় ভাষায় শব্দের গঠন ও ব্যাকরণ ভিন্ন হওয়ায় অ্যালগরিদমে পক্ষপাত তৈরি হয়। এই সমস্যার সমাধান না হলে ভবিষ্যতে ডিজিটাল বৈষম্য আরও প্রকট হতে পারে এবং ভাষিক উপনিবেশবাদের ঝুঁকি বাড়তে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *