রাজ্যে ১ লক্ষ কোটি টাকার সড়ক প্রকল্প ঘোষণা গড়করির

পশ্চিমবঙ্গের সড়ক পরিকাঠামো উন্নয়নে আরও ১ লক্ষ কোটি টাকার নতুন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার। কোলাঘাটে এক অনুষ্ঠানে কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি এই ঘোষণা করেন।
মন্ত্রী জানান, রাজ্যজুড়ে জাতীয় সড়কগুলির মানোন্নয়ন করে সেগুলিকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়াই লক্ষ্য। তাঁর দাবি, আগামী পাঁচ বছরের মধ্যে পশ্চিমবঙ্গের জাতীয় সড়কগুলি মার্কিন যুক্তরাষ্ট্রের রাস্তার আদলে বদলে ফেলা হবে।
এর আগে রাজ্যে পরিকাঠামো উন্নয়নে কেন্দ্র প্রায় ৩ লক্ষ কোটি টাকা ব্যয় করেছে এবং বর্তমানে ২ লক্ষ কোটি টাকার প্রকল্পের কাজ চলছে। কলকাতার যানজট সমস্যা সমাধানেও বিশেষ মডেল তৈরির কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। এই পরিকল্পনায় মেট্রো পরিষেবার সঙ্গে সড়ক যোগাযোগের সমন্বয় ঘটানো হবে।
পাশাপাশি, বারাণসী-কলকাতা হাইওয়ে প্রকল্পের ডিপিআর মন্ত্রিসভায় জমা দেওয়া হয়েছে। এই মহাসড়ক নির্মিত হলে কলকাতা থেকে বারাণসী পৌঁছাতে মাত্র পাঁচ ঘণ্টা সময় লাগবে। এছাড়া কলকাতার চারপাশে প্রায় ২৫০ কিলোমিটার দীর্ঘ রিং রোড নির্মাণের পরিকল্পনাও ঘোষণা করেছেন তিনি।
কেন্দ্রীয় মন্ত্রী স্পষ্ট করেছেন যে, রাজ্যের সড়ক পরিকাঠামো উন্নয়নের জন্য অর্থের কোনো অভাব হবে না। কলকাতা শহরকে আধুনিক রূপ দেওয়ার লক্ষ্যে এই প্রকল্পগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদী। উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা উন্নত করা এবং জাতীয় সড়কের সম্প্রসারণের ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
