৩০ বছর পর পুরনো স্কুলে ক্লাস নিলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

রাজ্যের মন্ত্রী এবং রানিবাঁধের বিধায়ক ক্ষুদিরাম টুডু বৃহস্পতিবার বর্ধমান শহরের বাণীপীঠ উচ্চ বিদ্যালয়ে ক্লাস নিলেন। দীর্ঘ ৩০ বছর তিনি এই স্কুলেই বাংলা বিষয়ের শিক্ষকতা করেছেন।
বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে সংবিধান দিবস পালনের অনুষ্ঠানে যোগ দিতে এসে তিনি নিজের পুরনো কর্মস্থলে উপস্থিত হন। প্রশাসনিক ব্যস্ততার মধ্যেও তিনি সময় বের করে পুরনো ক্লাসরুমে গিয়ে পড়ুয়াদের পাঠদান করেন। দীর্ঘদিন পর প্রিয় শিক্ষককে ফিরে পেয়ে পড়ুয়ারা আনন্দিত।
পাঠদানের পাশাপাশি মন্ত্রী পড়ুয়াদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং নিজের রাজনৈতিক ও প্রশাসনিক অভিজ্ঞতার কথা তুলে ধরেন। শিক্ষকতা জীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় শিক্ষাব্যবস্থার চ্যালেঞ্জ সম্পর্কে তাঁর গভীর ধারণা রয়েছে। মন্ত্রী হওয়ার পরেও তিনি নিয়মিত পুরনো কর্মস্থলের সঙ্গে যোগাযোগ রেখেছেন। তাঁর এই উদ্যোগ স্থানীয় মহলে প্রশংসিত হয়েছে।
