ট্রেনে দাহ্য পদার্থ বহন ও ধূমপানে কড়া নিষেধাজ্ঞা, হতে পারে ৫০০০ টাকা পর্যন্ত জরিমানা

ট্রেনে আগুন লাগার দুর্ঘটনা এড়াতে পূর্ব রেল যাত্রীদের অগ্নি-সুরক্ষা বিধি মেনে চলার নির্দেশ দিয়েছে। পেট্রোল, কেরোসিন, গ্যাস সিলিন্ডার, বাজি বা যেকোনো বিস্ফোরক ও দাহ্য পদার্থ ট্রেনে বহন করা আইনত দণ্ডনীয় অপরাধ। রেলের সতর্কবার্তা অনুযায়ী, এই ধরনের সামগ্রী বহন করলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে, যা শত শত যাত্রীর জীবন ও রেলের সম্পত্তির জন্য ঝুঁকিপূর্ণ। যাত্রীদের লাগেজ বা পার্সেল গোছানোর সময় বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
ট্রেনের কামরায় ধূমপানের বিরুদ্ধেও রেল প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। রেলওয়ে আইন, ১৯৮৯-এর ১৬৭ নম্বর ধারা অনুযায়ী, কোনো যাত্রী আপত্তি জানালে কামরায় ধূমপান নিষিদ্ধ। জন বিশ্বাস (বিধান সংশোধন) আইন, ২০২৬ অনুযায়ী, ধূমপানের ক্ষেত্রে জরিমানার পরিমাণ ২,০০০ টাকা করা হয়েছে। জরিমানা অনাদায়ে এবং আদালতে মামলা দায়ের হলে দোষী সাব্যস্ত ব্যক্তির ৫,০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। এছাড়া COTPA, ২০০৩-এর অধীনেও জনসমক্ষে ধূমপানের জন্য জরিমানার বিধান রয়েছে।
পূর্ব রেলের তথ্য অনুযায়ী, বিপজ্জনক সামগ্রী বহন ও ধূমপানের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। চলতি অর্থবর্ষের ১ এপ্রিল থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ১৬৪ নম্বর ধারায় ৫০টি এবং ১৬৭ নম্বর ধারায় ৪৫১টি মামলা দায়ের হয়েছে। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো সন্দেহজনক লাগেজ বা ধূমপানের ঘটনা নজরে এলে অবিলম্বে রেলকর্মী বা আরপিএফ কর্মীদের জানাতে হবে। যাত্রী সুরক্ষা নিশ্চিত করতে রেল কর্তৃপক্ষ ও যাত্রীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।
