পুলিশি হেফাজতে হকি খেলোয়াড়ের মৃত্যু, পাঞ্জাবে উত্তেজনা

পাঞ্জাবের মাছিওয়ারা গ্রামের ১৯ বছর বয়সী হকি খেলোয়াড় জশনদীপ সিংয়ের পুলিশি হেফাজতে মৃত্যু ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। দ্বাদশ শ্রেণির এই ছাত্রের পরিবারের অভিযোগ, কুলগাড়ি থানার এসএইচও গুরমিত সিং ও তাঁর দল জশনদীপকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে অমানবিক নির্যাতন চালায়।
পরিবারের দাবি, তাকে জোর করে ১০০টি সিট-আপ করানো হয় এবং মারধর করা হয়, যার ফলে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। জিরার একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাকে মোগার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়, সেখানেই তার মৃত্যু হয়।
এই ঘটনার প্রতিবাদে শুক্রবার জিরার শেরানওয়ালা চকে জশনদীপের দেহ রেখে বিক্ষোভ দেখান পরিবারের সদস্য, গ্রামবাসী এবং বিভিন্ন কৃষক সংগঠনের প্রতিনিধিরা। তারা অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছান ডিএসপি সঞ্জীব কাপুরসহ পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা। তারা বিক্ষোভকারীদের আশ্বস্ত করেছেন যে ঘটনার তদন্ত চলছে এবং ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
অন্যদিকে, পুলিশ সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। ইন্সপেক্টর জাসবিন্দর সিং দাবি করেছেন, জিজ্ঞাসাবাদের পর কিশোরকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছিল। তার দাবি, জশনদীপ আগে থেকেই কিডনিজনিত রোগে ভুগছিল। পাঞ্জাব বিজেপি এসসি মোর্চার সভাপতি শীতল আঙ্গুরাল অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে খুনের মামলা দায়েরের দাবি তুলেছেন। তিনি অভিযোগ করেন, মিথ্যা মাদক মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে কিশোরের ওপর তৃতীয় মাত্রার নির্যাতন চালানো হয়েছে। বর্তমানে ময়নাতদন্তের রিপোর্টের দিকেই তাকিয়ে রয়েছে প্রশাসন ও পরিবার।
