BIG NEWS: রাজ্য সরকারি কর্মীর মৃত্যুতে বিবাহিত ও ডিভোর্সি মেয়েরাও পাবেন বিশেষ আর্থিক সুবিধা – এবেলা
এবেলা ডেস্কঃ
February 24, 202611:12 am
পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দফতর মৃত কর্মীদের পরিবারের জন্য বড় সুখবর ঘোষণা করেছে। ১৯৭১ সালের পরিষেবা বিধি সংশোধন করে এখন থেকে মৃত সরকারি কর্মীর বিবাহিত এবং বিবাহবিচ্ছিন্না কন্যাদেরও আর্থিক সুবিধার দাবিদার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। ইতিপূর্বে শুধুমাত্র স্বামী-স্ত্রী, অবিবাহিত বা বিধবা কন্যা এবং নির্দিষ্ট আত্মীয়রাই এই তালিকার অন্তর্ভুক্ত ছিলেন।
নবান্নের এই যুগান্তকারী সিদ্ধান্তের ফলে উত্তরাধিকার সংক্রান্ত আইনি জটিলতা দূর হবে। বিশেষ করে যেসব ক্ষেত্রে মৃত কর্মীর একমাত্র নিকটাত্মীয় হিসেবে বিবাহিত বা ডিভোর্সি কন্যা রয়েছেন, তারা এখন থেকে ন্যায্য পাওনা পাবেন। এমনকি ঝুলে থাকা পুরনো আবেদনগুলোও নতুন নিয়মে পুনরায় খতিয়ে দেখার সুযোগ থাকছে বলে জানানো হয়েছে।

