‘CESC অনুমতি দিল কী ভাবে?’ নিউ মার্কেট অগ্নিকাণ্ডে ফিরহাদকে তীব্র আক্রমণ রাজ্যের পুরমন্ত্রীর – এবেলা
August 19, 2026

এবেলা ডেস্কঃ
নিউ মার্কেট থানা এলাকার একটি পাঁচতলা ভবনের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় রাজ্য রাজনীতি ও পুরসভার ভূমিকা নিয়ে চরম বিতর্ক শুরু হয়েছে। ভবনটিতে একাধিক ছোট ছোট ঘরের হোটেল থাকলেও সেখানে ঢোকা ও বেরোনোর পথ অত্যন্ত সরু। পাশাপাশি, জরুরি ভিত্তিতে বেরোনোর কোনো ব্যবস্থা বা প্রয়োজনীয় অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না বলে অভিযোগ উঠেছে।
দমকলের ন্যূনতম সুরক্ষাবিধি না থাকা সত্ত্বেও বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা ‘সিইএসসি’ (CESC) কীভাবে সেখানে বিদ্যুতের ছাড়পত্র দিল এবং পুরসভাই বা কীভাবে ট্রেড লাইসেন্স জারি করল—তা নিয়ে একগুচ্ছ প্রশ্ন তুলেছেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। সরাসরি তৃণমূল জমানার পুরমন্ত্রী তথা কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম (ববি)-কে নিশানা করে তিনি এই ঘটনার পেছনে গাফিলতির অভিযোগ এনেছেন।
