E20 পেট্রল ও গাড়ির সুরক্ষা নিয়ে বড় খবর: সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ পদক্ষেপ, জানুন বিস্তারিত – এবেলা
এবেলা ডেস্কঃ
পেট্রলে কত শতাংশ ইথানল মেশানো রয়েছে, তা বিলে স্পষ্ট লিখে দেওয়া এবং কোন কোন গাড়ি এই জ্বালানির উপযুক্ত—তার সম্পূর্ণ তথ্য প্রকাশ করার দাবিতে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। সোমবার বিচারপতি এম এম সুন্দ্রেশ ও বিচারপতি প্রসন্ন বি বরালের ডিভিশন বেঞ্চ এই আবেদনটি খারিজ করে দিয়েছে। তবে সুপ্রিম কোর্ট জানিয়েছে, আবেদনকারী চাইলে সংশ্লিষ্ট হাই কোর্টে এই বিষয়ে মামলা দায়ের করতে পারেন।
মামলাকারীর দাবি কী ছিল?
- দেশের প্রতিটি পেট্রল পাম্পের বিলে ইথানলের শতাংশ নির্দিষ্ট করে উল্লেখ করতে হবে।
- কোন মডেল ও ইঞ্জিনের গাড়ি কত শতাংশ ইথানল সহ্য করতে পারবে, তার একটি সর্বসাধারণের জন্য উম্মুক্ত ডেটাবেস তৈরি করতে হবে।
- জ্বালানিতে কতটুকু ইথানল রয়েছে, তা জানার পূর্ণ অধিকার ক্রেতার রয়েছে।
কেন্দ্রীয় সরকারের নীতি ও বিতর্কের কারণ: কেন্দ্রের নীতি অনুযায়ী বর্তমানে পেট্রলে সর্বোচ্চ ২০ শতাংশ ইথানল (E20) মেশানোর লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। সরকারের মতে, এতে খনিজ তেল আমদানি কমবে এবং দেশের কৃষকরা লাভবান হবেন। তবে E20 পেট্রল ব্যবহারের ফলে পুরোনো গাড়ির মাইলেজ কমা, ইঞ্জিন বা যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছে।
উল্লেখ্য, সুপ্রিম কোর্ট ইথানল-ব্লেন্ডিং সংক্রান্ত নীতির ওপর কোনো রুলিং দেয়নি; তারা শুধু আবেদনকারীকে হাই কোর্টে যাওয়ার সুযোগ দিয়ে মামলাটি নিতে অস্বীকার করেছে।
