F-15E-এর পর এবার CH-47 ধ্বংস, ইরানের ছবি প্রকাশ, পাল্টা দাবি আমেরিকার

F-15E-এর পর এবার CH-47 ধ্বংস, ইরানের ছবি প্রকাশ, পাল্টা দাবি আমেরিকার

ইরান ও আমেরিকার সামরিক সংঘাতের আবহে উত্তেজনা নতুন মাত্রা পেল। ইরানের সরকারি সংবাদমাধ্যম প্রেস টিভি কুয়েতে একটি মার্কিন CH-47 হেলিকপ্টার ধ্বংস করার দাবি তুলে কিছু ছবি প্রকাশ করেছে। মেহের নিউজ এজেন্সির দাবি অনুযায়ী, ইতিপূর্বে ভেঙে পড়া মার্কিন F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারের সময় ইরানের ছোড়া মিসাইল এই মার্কিন চপারটিকে আঘাত করে। যদিও এই হেলিকপ্টার ধ্বংসের বিষয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

অন্যদিকে, ইরানের আকাশে ভেঙে পড়া F-15E যুদ্ধবিমানের একজন চালককে জীবিত অবস্থায় উদ্ধার করেছে মার্কিন বাহিনী। সিএনএন-এর রিপোর্ট অনুযায়ী, উদ্ধার হওয়া চালক বর্তমানে মার্কিন হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন। তবে ওই বিমানে থাকা দ্বিতীয় চালকের ভাগ্য এখনও অনিশ্চিত এবং তাঁর সন্ধানে তল্লাশি অভিযান জারি রয়েছে। ইরানের খুজেস্তান প্রদেশে সংগৃহীত ভিডিও ফুটেজ এবং ধ্বংসাবশেষ বিশ্লেষণ করে সিএনএন নিশ্চিত করেছে যে, সেটি ব্রিটেনের আরএএফ লেকেনহিথ ঘাঁটির অন্তর্গত একটি মার্কিন যুদ্ধবিমান ছিল।

এই সংকটের মাঝেই তেহরান আরও একটি বড় দাবি করেছে। আল জাজিরার রিপোর্ট অনুসারে, ইরান হরমুজ প্রণালীর কাছে আমেরিকার একটি A-10 অ্যাটাক বিমান সফলভাবে ধ্বংস করার কথা জানিয়েছে। পেন্টাগন বা হোয়াইট হাউস এই দাবির সত্যতা নিয়ে সরাসরি মুখ না খুললেও পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, বিমান ধ্বংসের ঘটনাটি যুদ্ধের অংশ এবং এর ফলে ইরানের সঙ্গে সম্ভাব্য কূটনৈতিক আলোচনায় কোনো প্রভাব পড়বে না। তবে নিখোঁজ চালকের কোনো ক্ষতি হলে আমেরিকা কী পদক্ষেপ নেবে, সে বিষয়ে তিনি এখনই কোনো মন্তব্য করতে রাজি হননি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *