FD-তে বাম্পার রিটার্ন! প্রবীণদের ৮% পর্যন্ত সুদ দিচ্ছে এই ব্যাঙ্কগুলি – এবেলা
এবেলা ডেস্কঃ
নতুন বছরের শুরুতেই অনেক বড় ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে (FD) সুদের হার কমিয়ে দেওয়ায় কিছুটা দুশ্চিন্তায় পড়েছেন আমানতকারীরা। বিশেষ করে প্রবীণ নাগরিকরা, যারা নিয়মিত আয়ের জন্য FD-র ওপর নির্ভর করেন, তাদের জন্য এখন সঠিক ব্যাঙ্ক বেছে নেওয়া বড় চ্যালেঞ্জ। তবে বাজারের এই পরিস্থিতিতেও কিছু স্মল ফিন্যান্স ব্যাঙ্ক এবং বেসরকারি ব্যাঙ্ক প্রবীণদের জন্য ৫ বছরের মেয়াদে আকর্ষণীয় সুদ বজায় রেখেছে।
স্মল ফিন্যান্স ব্যাঙ্কেই সবথেকে বেশি লাভ
বর্তমানে প্রবীণ নাগরিকদের জন্য সবথেকে বেশি সুদ দিচ্ছে সূর্যোদয় স্মল ফিন্যান্স ব্যাঙ্ক। ৫ বছরের FD-তে এখানে মিলছে ৮% সুদ। অন্যান্য স্মল ফিন্যান্স ব্যাঙ্কগুলির হারও বেশ নজরকাড়া:
- জনা স্মল ফিন্যান্স ব্যাঙ্ক: ৭.৭৭%
- উজ্জীবন স্মল ফিন্যান্স ব্যাঙ্ক: ৭.৭%
- উৎকর্ষ ও ইকুইটাস ব্যাঙ্ক: ৭.৫%
- AU স্মল ফিন্যান্স ব্যাঙ্ক: ৭.২৫%
বেসরকারি ব্যাঙ্কের হালহকিকত
বেসরকারি ব্যাঙ্কেও প্রবীণদের জন্য সুযোগ মন্দ নয়। IDFC ফার্স্ট, YES ব্যাঙ্ক এবং SBM ব্যাঙ্ক ৫ বছরের মেয়াদে ৭.৫% সুদ দিচ্ছে। অন্যদিকে, অ্যাক্সিস এবং RBL ব্যাঙ্ক দিচ্ছে ৭.২০%। দেশের অন্যতম বড় ব্যাঙ্ক ICICI দিচ্ছে ৭.১০% এবং HDFC ব্যাঙ্ক দিচ্ছে ৬.৯০% সুদ।
পিছিয়ে নেই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কও
সরকারি ব্যাঙ্কগুলির মধ্যে শীর্ষস্থানে রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। প্রবীণ নাগরিকদের ৫ বছরের FD-তে SBI দিচ্ছে ৭.০৫% সুদ। এর পরেই রয়েছে ব্যাঙ্ক অফ বরোদা (৬.৯০%), কানাড়া ব্যাঙ্ক (৬.৭৫%) এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (৬.৬০%)।
বিনিয়োগের আগে মাথায় রাখবেন, সুদের হার বাজারের ওপর নির্ভরশীল। তাই টাকা রাখার আগে ব্যাঙ্কের বিশ্বাসযোগ্যতা এবং বর্তমান রেট যাচাই করে নেওয়া জরুরি।
