Google Pay বা PhonePe-তে ১০০০ টাকা পাঠালেই কি অতিরিক্ত চার্জ দিতে হবে? জেনে নিন NPCI-এর আসল নিয়ম – এবেলা
এবেলা ডেস্কঃ
ডিজিটাল ইন্ডিয়ার যুগে আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে UPI। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি খবর দাবানলের মতো ছড়িয়ে পড়েছে যে, এখন থেকে প্রতি ১০০০ টাকা UPI ট্র্যান্সফারের ওপর অতিরিক্ত চার্জ গুনতে হবে। এই খবরে স্বভাবতই দুশ্চিন্তায় পড়েছেন কোটি কোটি গ্রাহক। কিন্তু আপনার পকেটে কি সত্যিই কোপ পড়তে চলেছে? সত্যতা যাচাই করল DailyHunt।
১০০০ টাকা পাঠালে কি সত্যিই চার্জ লাগবে? এর স্পষ্ট এবং সরাসরি উত্তর হলো— একদমই নয়। সাধারণ গ্রাহকদের জন্য এক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো (P2P – Person to Person) এখনও সম্পূর্ণ বিনামূল্যে করা যাচ্ছে। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) পরিষ্কার জানিয়েছে, আপনি যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বন্ধু, আত্মীয় বা অন্য কারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান, তবে সেটি ১০০০ টাকা হোক বা তার বেশি— ১ টাকাও অতিরিক্ত চার্জ দিতে হবে না। Google Pay, PhonePe বা Paytm-এর মতো অ্যাপ ব্যবহার করে সাধারণ ব্যাঙ্ক-টু-ব্যাঙ্ক ট্র্যান্সফারের ক্ষেত্রে কোনো পরিবর্তন আসেনি।
তবে কেন ছড়াচ্ছে এই বিভ্রান্তি? এই বিভ্রান্তির মূলে রয়েছে PPI (Prepaid Payment Instruments) বা ‘ওয়ালেট’ লেনদেন সংক্রান্ত নিয়ম। বিষয়টি সহজভাবে বুঝে নেওয়া যাক:
- ওয়ালেট পেমেন্ট: আপনি যদি Paytm Wallet, Amazon Pay বা PhonePe Wallet-এ টাকা লোড করে কোনো ‘মার্চেন্ট’ বা দোকানদারকে ২০০০ টাকার বেশি পেমেন্ট করেন, তবে সেক্ষেত্রে একটি ‘ইন্টারচেঞ্জ ফি’ কার্যকর হয়।
- কাকে দিতে হবে এই টাকা? সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই চার্জ সাধারণ গ্রাহককে দিতে হয় না। এই ফি-র লেনদেন হয় দোকানদার এবং ব্যাঙ্ক বা ওয়ালেট কো ম্পা নির মধ্যে। গ্রাহকের জন্য এই পরিষেবা এখনও পুরোপুরি ফ্রি।
UPI ব্যবহারকারীদের জন্য ৩টি জরুরি নিয়ম নিরাপদ এবং স্মার্ট লেনদেনের জন্য এই বিষয়গুলো মাথায় রাখা জরুরি:
- লেনদেনের সীমা: অধিকাংশ ব্যাঙ্ক দিনে সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত UPI ট্রানজ্যাকশনের অনুমতি দেয়। তবে শিক্ষা বা হাসপাতালের মতো বিশেষ ক্ষেত্রে এই সীমা ৫ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে।
- UPI Lite-এর সুবিধা: আপনি যদি সারাদিনে চা, সবজি কেনা বা বাস ভাড়ার মতো ছোটখাটো পেমেন্ট (৫০০ টাকার কম) বারবার করেন, তবে UPI Lite ব্যবহার করা বুদ্ধিমানের কাজ। এতে পিন (PIN) ছাড়াই দ্রুত পেমেন্ট হয় এবং ব্যাঙ্কের পাসবুক অপ্রয়োজনীয় এন্ট্রিতে ভরে যায় না।
- নিরাপত্তা সতর্কতা: টাকা রিসিভ করার জন্য বা পাওয়ার জন্য কখনোই UPI PIN দেওয়ার প্রয়োজন হয় না। কেউ যদি আপনাকে টাকা পাঠানোর নাম করে পিন দিতে বলে, তবে নিশ্চিত জানবেন সেটি জালিয়াতি।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ‘১০০০ টাকায় চার্জ’ সংক্রান্ত খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন। ভারত সরকার এবং NPCI ডিজিটাল অর্থনীতিকে উৎসাহ দিতে দায়বদ্ধ। তাই সাধারণ মানুষের জন্য এটি চার্জেবল করার কোনো পরিকল্পনা এই মুহূর্তে নেই। নির্দ্বিধায় এবং নির্ভয়ে আপনার ডিজিটাল লেনদেন চালিয়ে যান।

