IPL শুরুর আগেই বিসিসিআইয়ের বিরুদ্ধে বর্ণবিদ্বেষের বিস্ফোরক অভিযোগ তুলে অবসর নিলেন ভারতীয় কিংবদন্তি – এবেলা
এবেলা ডেস্কঃ
আইপিএল ২০২৬ শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি, তার আগেই ভারতীয় ক্রিকেটে বড়সড় ধামাকা। ধারাভাষ্য থেকে আকস্মিক অবসরের ঘোষণা করলেন প্রাক্তন লেগ স্পিনার লক্ষ্মণ শিবরামকৃষ্ণান। তবে শুধু অবসরই নয়, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (BCCI) বিরুদ্ধে বর্ণবিদ্বেষের মতো গুরুতর অভিযোগ এনেছেন তিনি।
শিবরামকৃষ্ণানের দাবি, দীর্ঘ ২৩ বছরের ক্যারিয়ারে গায়ের রঙের কারণে তাকে বারবার বৈষম্যের শিকার হতে হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়ে তিনি জানান, নতুন ধারাভাষ্যকাররা টস বা পিচ রিপোর্টের সুযোগ পেলেও তাকে সবসময় দূরে সরিয়ে রাখা হয়েছে। এমনকি রবি শাস্ত্রী যখন কোচ ছিলেন, তখনও এই পরিস্থিতি বদলায়নি। এক ভক্তের প্রশ্নের উত্তরে তিনি সরাসরি স্বীকার করেন যে, গায়ের রঙের জন্যই তাকে প্রেজেন্টেশন বা টসে ডাকা হতো না।
এদিকে এই বিতর্কিত অবসরের পর কাটা ঘায়ে নুনের ছিটে দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। শিবরামকৃষ্ণানের পোস্টের নিচে অশ্বিন টিপ্পনি কেটে লেখেন, ‘এই আইপিএল থেকেই কেন নয়?’ উল্লেখ্য, অশ্বিন ও শিবরামকৃষ্ণানের দীর্ঘদিনের তিক্ততা রয়েছে। এর আগে অশ্বিনকে আক্রমণ করে শিবরামকৃষ্ণান বলেছিলেন, ভারতের পিচে যে কেউ উইকেট পেতে পারে। পাল্টায় অশ্বিনও তার ফোন ধরা বন্ধ করে দেন। ১৭ বছর বয়সে অভিষেক হওয়া শিবরামকৃষ্ণান ভারতের হয়ে ৯টি টেস্ট ও ১৬টি ওয়ানডে খেলেছিলেন।

