KP SI পরীক্ষায় জালিয়াতি: এবার পুলিশের জালে আসল পরীক্ষার্থী, নেপথ্যে বড় চক্র? – এবেলা
এবেলা ডেস্কঃ
কলকাতা পুলিশের সাব-ইনস্পেক্টর পদে নিয়োগের লিখিত পরীক্ষায় জালিয়াতি করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়লেন আসল পরীক্ষার্থী আব্দুল খালেক। মুর্শিদাবাদের বাসিন্দা আব্দুল নিজে পরীক্ষায় না বসে তাঁর বদলে লখাই ঘোষ নামে এক যুবককে পাঠিয়েছিলেন। গত মঙ্গলবার পরীক্ষাকেন্দ্রে অ্যাডমিট কার্ড ও সইয়ের গরমিল দেখে লখাইকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। তাঁর স্বীকারোক্তির ভিত্তিতেই শুক্রবার মুর্শিদাবাদ থেকে গ্রেফতার করা হয় মূল অভিযুক্ত আব্দুলকে।
তদন্তে জানা গেছে, ডব্লিউবিসিএস প্রিলিমিনারি উত্তীর্ণ লখাই টাকার বিনিময়ে অন্যের হয়ে পরীক্ষা দিতে এসেছিলেন। ধৃত আব্দুলকে শনিবার আদালতে তোলা হলে ৮ জানুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। এর আগের দুই ধাপের পরীক্ষাতেও আব্দুল নিজে বসেছিলেন নাকি অন্য কাউকে ব্যবহার করেছিলেন, তা জানতে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এই ঘটনার নেপথ্যে কোনো বড় নিয়োগ জালিয়াতি চক্র সক্রিয় কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

