LPG সংকটে রেলে রান্নার ধরনে বদল, বিপাকে IRCTC-র ক্যান্টিনগুলো – এবেলা
এবেলা ডেস্কঃ
মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে তৈরি হওয়া এলপিজি সংকটের জেরে ভারতীয় রেলের খাদ্যে জোগান বজায় রাখতে বিশেষ নির্দেশিকা জারি করেছে IRCTC। স্টেশনের ক্যান্টিন ও রান্নাঘরগুলোতে এলপিজি সিলিন্ডারের পরিবর্তে ইন্ডাকশন স্টোভ ও মাইক্রোওয়েভ ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। তবে গ্রাউন্ড রিপোর্ট বলছে, এই নতুন ব্যবস্থার সঙ্গে মানিয়ে নিতে হিমশিম খাচ্ছেন বিক্রেতারা। জয়পুর জংশন সহ একাধিক স্টেশনে ইতিমধ্যে গ্যাসের অভাবে বেশ কিছু রান্নাঘর বন্ধ হয়ে গেছে।
দিল্লি, লখনউ এবং মুজফ্ফরপুরের মতো ব্যস্ত স্টেশনগুলোতে এই নির্দেশের প্রভাব মিশ্র। অনেক ক্যান্টিন ম্যানেজার জানাচ্ছেন, প্রতিদিন হাজার হাজার যাত্রীর জন্য বিপুল পরিমাণ খাবার শুধুমাত্র ইন্ডাকশন বা ওভেনে তৈরি করা কার্যত আসাম্ভব। পর্যাপ্ত সরঞ্জাম না থাকায় অনেক জায়গায় এখনও ছোট সিলিন্ডার দিয়ে কাজ চালানো হচ্ছে। এর ফলে স্টলগুলোতে খাবারের সরবরাহ স্বাভাবিকের তুলনায় প্রায় এক-তৃতীয়াংশে নেমে এসেছে।
উদ্ভূত পরিস্থিতিতে রেলের ক্যাটারিং পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ক্যান্টিন পরিচালকদের দাবি, ইন্ডাকশন পদ্ধতিতে রান্না করা সময়সাপেক্ষ এবং ব্যয়বহুল। তাই যাত্রী পরিষেবা স্বাভাবিক রাখতে ক্যান্টিনগুলোকে জরুরি পরিষেবার আওতায় এনে দ্রুত রান্নার গ্যাস সরবরাহের আবেদন জানিয়েছেন তারা। বর্তমান সংকটকালে এই প্রযুক্তিগত রূপান্তর কতটা বাস্তবসম্মত হবে, তা নিয়ে প্রশ্ন তুলছেন সংশ্লিষ্ট মহল।

