LPG e-KYC ডেডলাইন বাড়ল! ২৩ অগস্টের মধ্যে না করলে বন্ধ হতে পারে গ্যাসের ভর্তুকি – এবেলা

এবেলা ডেস্কঃ
রান্নার গ্যাসের (LPG) সংযোগের ক্ষেত্রে আধার-ভিত্তিক e-KYC সম্পন্ন করার সময়সীমা বাড়াল এলপিজি ডিলাররা। পূর্বে এই ই-কেওয়াইসি করার শেষ তারিখ ছিল ১৬ অগস্ট। তবে ১৫ অগস্ট স্বাধীনতা দিবস এবং ১৬ অগস্ট ছুটির দিন হওয়ায় বহু গ্রাহক নির্দিষ্ট সময়ে এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারেননি। গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে এখন এই সময়সীমা বাড়িয়ে ২৩ অগস্ট করা হয়েছে।
e-KYC না করলে কী সমস্যা হতে পারে? ২৩ অগস্টের মধ্যে e-KYC সম্পন্ন না করলে আপনার গ্যাস সংযোগটি একেবারেই বাতিল হয়ে যাবে না, তবে কিছু ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে:
- ঘরোয়া দাম ও ভর্তুকি: নির্দিষ্ট সময়ে ই-কেওয়াইসি না করলে ঘরোয়া দামে (Subsidy rate) সিলিন্ডার পাওয়ার সুবিধা সাময়িকভাবে বন্ধ হতে পারে। বিশেষ করে ‘প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা’ (PMUY)-র আওতায় থাকা গ্রাহকরা সিলিন্ডার পিছু যে ৩০০ টাকা ভর্তুকি পান, তাতে সমস্যা হতে পারে।
- সাময়িক স্থগিতাদেশ: ই-কেওয়াইসি না করা পর্যন্ত আপনার সংযোগটি সাময়িকভাবে স্থগিত (Suspend) করা হতে পারে। তবে পরে ই-কেওয়াইসি সম্পূর্ণ করলে এই পরিষেবা আবার চালু হয়ে যাবে।
কীভাবে বাড়িতে বসেই মোবাইল অ্যাপের মাধ্যমে e-KYC করবেন?
Indane, Bharat Gas এবং HP Gas—তিনটি প্রধান সংস্থার গ্রাহকরাই তাঁদের স্মার্টফোনের মাধ্যমে সহজেই ই-কেওয়াইসি করতে পারবেন:
১. Indane Gas: প্লে-স্টোর থেকে IndianOil ONE অ্যাপ এবং Aadhaar FaceRD অ্যাপ ডাউনলোড করুন। অ্যাপে লগ-ইন করে e-KYC অপশনে গিয়ে ফেস অথেন্টিকেশন (Face Authentication)-এর মাধ্যমে প্রক্রিয়াটি সম্পূর্ণ করুন।
২. Bharat Gas: Hello BPCL অ্যাপ ব্যবহার করে e-KYC বিভাগে গিয়ে একই উপায়ে আধার যাচাই করে নিতে পারেন।
৩. HP Gas: HP Pay অ্যাপের LPG সেকশনে গিয়ে নির্দেশিকা মেনে e-KYC করা সম্ভব।
অনলাইনে সমস্যা হলে বা স্মার্টফোন না থাকলে কী করবেন? যাঁদের স্মার্টফোন নেই বা অনলাইনে ই-কেওয়াইসি করতে সমস্যা হচ্ছে, তাঁরা নিজের আধার কার্ড ও গ্যাস বই নিয়ে নিকটবর্তী গ্যাস এজেন্সিতে গিয়ে বায়োমেট্রিক (আঙুলের ছাপ বা ফেস রিকগনিশন)-এর মাধ্যমে সহজেই ই-কেওয়াইসি সম্পন্ন করতে পারবেন। এছাড়া গ্যাস ডেলিভারির সময় ডেলিভারি ম্যানের মাধ্যমেও এই কাজ করা সম্ভব।
যাঁরা ইতিমধ্যেই ই-কেওয়াইসি সম্পন্ন করেছেন, তাঁদের নতুন করে আর কিছুই করতে হবে না।
