NEET-এ ফেল করে নকল ‘ব্রিগেডিয়ার’! ভুয়ো অফিসার সেজে ঘুরে বেড়ানো তরুণ গ্রেপ্তার – এবেলা
এবেলা ডেস্কঃ
লখনউ: স্বপ্ন ছিল ভারতীয় সেনাবাহিনীর ডাক্তার হওয়া। কিন্তু বারবার চেষ্টা করেও ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা ‘NEET’ পাস করতে পারেননি। আর সেই ব্যর্থতা ঢাকতেই সেনাবাহিনীর জাল ‘ব্রিগেডিয়ার’ সেজে বিলাসবহুল গাড়িতে ঘুরে বেড়াতেন উত্তরপ্রদেশের শাহজাহানপুরের এক তরুণ। অবশেষে আরিয়ান বর্মা (২১) নামের ওই ভুয়া সেনা অফিসারকে শুক্রবার হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। তার জালিয়াতির বহর দেখে চোখ কপালে উঠেছে খোদ সেনা আধিকারিকদেরও।
অভিযোগ, আরিয়ান শুধু সেনার উর্দিতেই ঘুরতেন না, তাঁর গাড়িতে লাগানো ছিল ভারতীয় সেনার সদর দপ্তরের পতাকা এবং অফিসার পদের ওয়ান-স্টার রেজিস্ট্রেশন প্লেট। নিজের নিরাপত্তা ও ভাবমূর্তি বজায় রাখতে দুজন বাউন্সারও ভাড়া করেছিলেন তিনি, যাদের ভুয়ো ‘NSG কমান্ডো’ হিসেবে পরিচয় দিতেন।
উদ্ধার হলো স্টেথোস্কোপ থেকে জাল সিলমোহর:
পুলিশ আরিয়ানের কাছ থেকে একটি বিলাসবহুল গাড়ি, সেনাবাহিনীর জাল পরিচয়পত্র, বেআইনি পিস্তল, সেনা অফিসারের বিশেষ টুপি এবং আর্মি মেডিক্যাল কোরের (AMC) প্রতীক উদ্ধার করেছে। নিজেকে ডাক্তার প্রমাণ করতে ব্যাগে রাখতেন স্টেথোস্কোপ, জাল ভিজিটিং কার্ড ও একাধিক এটিএম। এমনকি পুনের বিখ্যাত ‘আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজ’ (AFMC)-এর ডিনের জাল সিলমোহর দেওয়া একটি ভুয়া পরিচয়পত্রও তৈরি করেছিলেন তিনি।
পারিবারিক চাপ ও মিথ্যার জাল:
পুলিশি জেরায় ভেঙে পড়ে নিজের অপরাধের কথা স্বীকার করেছেন আরিয়ান। তাঁর বাবা উত্তরপ্রদেশ সরকারের উদ্যানপালন বিভাগের একজন আধিকারিক এবং মা স্কুলের শিক্ষিকা। NEET পরীক্ষায় ফেল করার পর পরিবারের কাছে মুখ রক্ষার্থে আরিয়ান মিথ্যা বলেন যে, তিনি সেনাবাহিনীতে ডাক্তার হিসেবে সুযোগ পেয়েছেন। এই মিথ্যাকে সত্যি প্রমাণ করতেই তিনি ব্রিগেডিয়ারের ইউনিফর্ম বানিয়ে ভুয়ো অফিসার সেজে ঘুরতে শুরু করেন।
প্রধান অতিথি করতে গিয়েই কেল্লাফতে!
গত দু-মাস ধরে শাহজাহানপুর ক্যান্টনমেন্টের মতো সংবেদনশীল এলাকায় এই কমবয়সী অফিসারের গতিবিধি দেখে সন্দেহ হয় সেনার। স্টেশনের প্রশাসনিক কমান্ডার কর্নেল জে এস জ্যাগলান তাঁকে ধরার জন্য একটি ফাঁদ পাতেন। আরিয়ানের অহংকারকে কাজে লাগিয়ে তাঁকে সেনার একটি অনুষ্ঠানে ‘প্রধান অতিথি’ হিসেবে আমন্ত্রণ জানানো হয়।
শুক্রবার সকালে যেই না আরিয়ান সামরিক পোশাকে সেজেগুজে, দুই বাউন্সার ও চালকসহ অনুষ্ঠানস্থলে হাজির হন, অমনি আগে থেকে ওত পেতে থাকা সেনা জওয়ানরা তাঁদের হাতেনাতে ধরে ফেলেন। ধৃত চালকের কাছ থেকেও ভারত সরকারের জাল প্রতীক দেওয়া পরিচয়পত্র মিলেছে। তবে এই বিলাসবহুল জীবনযাত্রার বিপুল টাকা আরিয়ান কোথা থেকে পেতেন, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
