SIR নথি যাচাইয়ে হাই কোর্টের বিশেষ কমিটি, জেলাস্তরে নজরদারিতে তিন সদস্যের দল
ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতে প্রতি জেলায় তিন সদস্যের বিশেষ কমিটি গঠন করল কলকাতা হাই কোর্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চের নির্দেশ মেনে প্রধান বিচারপতি সুজয় পাল এই পদক্ষেপ নিয়েছেন। উচ্চ আদালতের বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিটি জেলার জেলা বিচারক, জেলাশাসক এবং পুলিশ সুপারকে নিয়ে এই কমিটি গঠিত হয়েছে।
আদালতের নির্দেশে জানানো হয়েছে, SIR নথি যাচাইয়ের ক্ষেত্রে এখন থেকে মাইক্রো বা রোল অবজার্ভার নয়, বরং আদালত নিযুক্ত ‘জুডিশিয়াল অফিসার’দের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। এই প্রক্রিয়ার গুরুত্ব বিবেচনা করে আগামী ৯ মার্চ পর্যন্ত রাজ্যের সমস্ত জুডিশিয়াল অফিসারদের ছুটি বাতিল করা হয়েছে। বর্তমানে যারা ছুটিতে আছেন, অসুস্থতা ছাড়া অন্য সব ক্ষেত্রে তাঁদের অবিলম্বে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার হাই কোর্টের প্রধান বিচারপতি, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এবং মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীর মধ্যে একটি উচ্চপর্যায়ের বৈঠকের পর এই সিদ্ধান্ত কার্যকর করা হয়। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী, জুডিশিয়াল অফিসারদের প্রতিটি নির্দেশ শীর্ষ আদালতের নির্দেশ হিসেবেই বিবেচিত হবে। জেলাস্তরের এই কমিটিগুলো নথিপত্র যাচাই প্রক্রিয়াটি যথাযথভাবে সম্পন্ন হচ্ছে কি না, তার সার্বিক নজরদারি চালাবে।

