SIR ট্রাইব্যুনালের অবসরপ্রাপ্ত বিচারপতিকে খুনের হুমকি! রাজপথে ‘পরিকল্পিত’ দুর্ঘটনা, তোলপাড় সুপ্রিম কোর্ট – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতা: এসআইআর (SIR) প্রক্রিয়ায় বিবেচনাধীন তালিকা নিষ্পত্তির দায়িত্বে থাকা অ্যাপিলেট ট্রাইব্যুনালের এক অবসরপ্রাপ্ত বিচারপতির সুরক্ষা নিয়ে চরম উদ্বেগ তৈরি হয়েছে। অভিযোগ, বিচার প্রক্রিয়ায় প্রভাব ফেলতে ওই বিচারপতি ও তাঁর পরিবারকে ক্রমাগত ভীতিপ্রদর্শন ও খুনের হুমকি দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে বিচারপতির পরিবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলে শীর্ষ আদালত কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে দ্রুত উপযুক্ত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ সম্প্রতি এই মামলার শুনানিতে জানান, যেহেতু বিষয়টি পশ্চিমবঙ্গের ট্রাইব্যুনাল সংক্রান্ত, তাই হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী বিষয়টি পর্যালোচনা করে নিরাপত্তা বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
ঘটনার নেপথ্যে যা ঘটেছে: বিচারপতির ছেলের দায়ের করা আবেদনে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে:
- রহস্যজনক দুর্ঘটনা: গত ২২ এপ্রিল ট্রাইব্যুনালে যাওয়ার পথে বিচারপতির গাড়ি একটি রহস্যজনক দুর্ঘটনার মুখে পড়ে, যা পুলিশও ‘পূর্বপরিকল্পিত’ বলে সন্দেহ প্রকাশ করেছিল।
- হুমকি চিঠি: দুর্ঘটনার পর তাঁর রাজারহাট ও কলকাতার বাসভবনে পরপর খুনের হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়।
বিচারপতি ও তাঁর পরিবারের জীবন সংশয়ের আশঙ্কায় পরিবারের তরফে সুপ্রিম কোর্টে বর্ধিত নিরাপত্তার দাবি জানানো হয়েছিল। এবার সুপ্রিম কোর্টের এই কড়া হস্তক্ষেত্রের পর রাজ্যের আইনশৃঙ্খলা ও হাইকোর্টের পদক্ষেপের দিকে নজর সবার।
