লেটেস্ট নিউজ

SSC: অযোগ্যদের বেতন ফেরতের কড়া নির্দেশ নবান্নের – এবেলা

এবেলা ডেস্কঃ

স্কুল সার্ভিস কমিশনের (SSC) মাধ্যমে নিযুক্ত হওয়া ‘অযোগ্য’ শিক্ষকদের বিরুদ্ধে এবার চূড়ান্ত পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। মঙ্গলবার সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিয়ে পশ্চিমবঙ্গ শিক্ষা দফতর স্পষ্ট জানিয়েছে, চিহ্নিত ও দাগি অযোগ্য শিক্ষকদের চাকরি থেকে সরানোর পাশাপাশি তাঁদের প্রাপ্ত বেতন সুদসহ ফেরত নেওয়া হবে।

শিক্ষা দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অর্থ আদায়ের প্রক্রিয়া শুরু করতে ইতিমধ্য়েই সংশ্লিষ্ট জেলাশাসকদের (DM) বিশেষ নির্দেশিকা পাঠানো হয়েছে। মূলত কলকাতা হাইকোর্টের কড়া পর্যবেক্ষণের পর রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিল। আজ, বুধবার দেশের শীর্ষ আদালতে এই গুরুত্বপূর্ণ মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, হাইকোর্ট অযোগ্যদের বেতন ফেরতের নির্দেশ দিলেও দীর্ঘদিন রাজ্য বা এসএসসি কোনো সক্রিয় পদক্ষেপ না করায় আদালত অবমাননার মামলা দায়ের হয়েছিল। সেই প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টে রাজ্যের এই হলফনামা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এর ফলে কয়েক হাজার বিতর্কিত শিক্ষকের ভবিষ্যৎ এখন কার্যত খাদের কিনারায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *