UGC-এর নতুন নিয়ম ঘিরে তুঙ্গে বিতর্ক, বিজেপি সরকারকে বড় পরামর্শ দিয়ে বিস্ফোরক অভিযোগ বাগেশ্বর মহারাজের – এবেলা
এবেলা ডেস্কঃ
দেশজুড়ে ইউজিসি-র (UGC) নতুন নিয়মাবলী নিয়ে চলা তীব্র বিতর্কের মাঝে বড় বয়ান দিলেন বাগেশ্বর ধাম সরকার পণ্ডিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী। সরকারকে কড়া পরামর্শ দিয়ে তিনি বলেন, সরকার যেন হিন্দুদের বিভাজন না করে, কারণ আমরা সব হিন্দু এক।
পণ্ডিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর স্পষ্ট বার্তা, “কাউকে উচ্চবর্ণ বা অনগ্রসর হিসেবে আলাদা করবেন না। হিন্দুদের কেবল হিন্দুই থাকতে দিন।”
ইউজিসি ২০২৬ নিয়মাবলীর বিরোধিতায় শাস্ত্রীর সপাটে জবাব
দেশজুড়ে ইউজিসি-র নতুন নিয়মের বিরুদ্ধে চলা প্রতিবাদ নিয়ে মুখ খুলে হিন্দু ঐক্যের ওপর জোর দিয়েছেন ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী। তিনি বলেন, “সরকারের উচিত নয় হিন্দুদের ভাগ করা। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। ভারতে বৈষম্য নয়, বরং সাম্য থাকা উচিত। ভারত সরকারের কাছে আমার প্রার্থনা, ভারতীয়দের বিভক্ত না করে ঐক্যবদ্ধ করুন।”
বিতর্কের মূলে ইউজিসি-র নতুন নির্দেশিকা
ইউজিসি (বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন) ২০২৬-এর নতুন নিয়মাবলী নিয়ে বর্তমানে দেশজুড়ে বৈষম্য ও উচ্চশিক্ষায় অধিকার সংক্রান্ত এক উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। ইউজিসি একটি ‘সাম্য’ নির্দেশিকা জারি করেছে, যার লক্ষ্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে জাতিভিত্তিক বৈষম্য রোধ করা।
তবে এই নির্দেশিকার কিছু বিশেষ বিধান নিয়ে ছাত্র সংগঠন ও সামাজিক গোষ্ঠীগুলো প্রতিবাদ শুরু করেছে। লখনউ বিশ্ববিদ্যালয়সহ দেশের একাধিক ক্যাম্পাসে বিক্ষোভ প্রদর্শন করেছেন পড়ুয়ারা। আন্দোলনকারী গোষ্ঠীগুলোর দাবি, এই নতুন নিয়ম সাধারণ শ্রেণির (General Category) প্রতি বৈষম্য তৈরি করতে পারে। এই ক্রমবর্ধমান উত্তেজনার মাঝেই এবার বড়সড় রাজনৈতিক ও সামাজিক বার্তা দিলেন বাগেশ্বর মহারাজ।

