অধীরকে সমর্থন প্রসঙ্গে ধোঁয়াশা জিইয়ে রাখলেন সেলিম, মুর্শিদাবাদে চড়ছে উত্তাপ – এবেলা
এবেলা ডেস্কঃ
মুর্শিদাবাদের রাজনৈতিক ময়দানে বামেদের তৎপরতা তুঙ্গে। জলঙ্গি বিধানসভার সাগরপাড়ায় সিপিআইএম প্রার্থী ইয়ানুস আলি সরকারের সমর্থনে সম্প্রতি একটি বিশাল কর্মীসভা ও মিছিল করেন রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। সভায় জেলা সম্পাদক জামির মোল্লাও উপস্থিত ছিলেন। দীর্ঘ বিরতির পর ১৯৯১ থেকে ২০১১ পর্যন্ত এই কেন্দ্রের বিধায়ক থাকা ইয়ানুস আলিকে আবারও প্রার্থী করেছে দল। সেলিমের দাবি, ডোমকল মহকুমার তিনটি আসনেই জয়ী হবে বামেরা।
বক্তব্যে শাসক দল ও বিজেপিকে তীব্র আক্রমণ করেন সেলিম। তৃণমূলের বিরুদ্ধে বহিরাগত প্রার্থী দেওয়ার অভিযোগ তুলে তিনি রানিনগরের প্রার্থী সৌমিক হোসেনের কড়া সমালোচনা করেন। পাশাপাশি, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ-এর সাথে জোটের জল্পনা উড়িয়ে দিয়ে তিনি স্পষ্ট জানান, সরাসরি জোট নয় বরং আসন সমঝোতার পথেই এগোচ্ছে বাম শিবির এবং সেই বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।
তবে বহরমপুরে কংগ্রেস নেতা অধীর চৌধুরীকে সমর্থন দেওয়া নিয়ে রাজনৈতিক মহলে ধোঁয়াশা অব্যাহত রয়েছে। এ প্রসঙ্গে সেলিমের সংক্ষিপ্ত ও রহস্যময় জবাব জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে। তিনি জানান, এই বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি, ভবিষ্যতে কী হয় তা সময়ের অপেক্ষায়। মুর্শিদাবাদের এই ত্রিমুখী লড়াইয়ের আবহে সেলিমের মন্তব্য ঘিরে সরগরম জেলার রাজনীতি।

