অন্নপূর্ণা পূজা ২০২৬: সংসারে সমৃদ্ধি ফেরাতে অন্নদাত্রীর আরাধনার নির্ঘণ্ট ও মাহাত্ম্য – এবেলা
এবেলা ডেস্কঃ
পৌরাণিক বিশ্বাস অনুসারে, চৈত্র মাসের শুক্লাষ্টমী তিথিতে কাশীতে অবতীর্ণ হন দেবী অন্নপূর্ণা। তিনি দেবাদিদেব মহাদেবের ভিক্ষার ঝুলি অন্ন দিয়ে পূর্ণ করে ভক্তদের মহামারি ও খাদ্যাভাব থেকে রক্ষা করেছিলেন। ভক্তদের বিশ্বাস, নিষ্ঠাভরে দেবীর আরাধনা করলে সংসারের যাবতীয় অভাব-অনটন দূর হয় এবং গৃহ অন্ন-ধন ও সুখ-সমৃদ্ধিতে পরিপূর্ণ হয়ে ওঠে।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে, আগামী ১০ চৈত্র (২৫ মার্চ), বুধবার দুপুর ১টা ৫২ মিনিটে অষ্টমী তিথি শুরু হচ্ছে। এই তিথি সমাপ্ত হবে ১১ চৈত্র (২৬ মার্চ), বৃহস্পতিবার সকাল ১১টা ৪৯ মিনিটে। অন্যদিকে, নবমী তিথি শুরু হবে বৃহস্পতিবার বেলা ১১টা ৫০ মিনিটে এবং শেষ হবে ১২ চৈত্র (২৭ মার্চ), শুক্রবার সকাল ১০টা ৭ মিনিটে।
গুপ্তপ্রেস পঞ্জিকা অনুযায়ী, বুধবার বিকেল ৪টে ৪৭ মিনিটে অষ্টমী তিথি আরম্ভ হয়ে বৃহস্পতিবার দুপুর ২টো ২৮ মিনিটে শেষ হবে। এরপরই শুরু হবে নবমী তিথি, যা শুক্রবার দুপুর ১২টা ২০ মিনিট পর্যন্ত স্থায়ী থাকবে। আগামী ২৬ মার্চ, বৃহস্পতিবার অন্নপূর্ণা পূজা উদযাপিত হবে। অগণিত ভক্ত এদিন অন্নদাত্রীর আশীর্বাদ কামনায় ব্রত ও পূজা পালনে ব্রতী হবেন।

