‘অপরাধী মনস্কদের দলে নেওয়াই ভুল ছিল’, বিজেপি নেতার গ্রেপ্তারি নিয়ে দলের অন্দরেই অস্বস্তি – এবেলা

‘অপরাধী মনস্কদের দলে নেওয়াই ভুল ছিল’, বিজেপি নেতার গ্রেপ্তারি নিয়ে দলের অন্দরেই অস্বস্তি – এবেলা

এবেলা ডেস্কঃ

পূর্ব বর্ধমান: এক আশাকর্মীর বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর, মারধর এবং প্রাণনাশের হুমকির অভিযোগে গ্রেপ্তার হলেন এক বিজেপি নেতা। ধৃতের নাম সুশান্ত মণ্ডল। তিনি বিজেপির জামালপুর ১ মণ্ডলের সহ-সভাপতি এবং জামালপুর থানার উত্তর মোহনপুর গ্রামের বাসিন্দা। সোমবার রাতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে এবং মঙ্গলবার বর্ধমান আদালতে পেশ করা হলে বিচারক তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। এই ঘটনার পর থেকে মামলার মূল অভিযুক্ত তথা বিজেপির জামালপুর ১ মণ্ডলের সম্পাদক বসন্ত পাঁজা পলাতক।

কী ঘটেছিল? অভিযোগকারিণীর বাড়ি জামালপুর থানার হিরণ্যগ্রামে। ১৯ মে তিনি সুশান্ত মণ্ডল ও বসন্ত পাঁজা সহ কয়েকজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, ১৮ মে যখন তিনি নিজের বাড়ির জায়গা বাঁশের বেড়া দিয়ে ঘিরছিলেন, তখন জমি দখলের উদ্দেশ্যে অভিযুক্তরা দলবল নিয়ে তাঁর বাড়িতে চড়াও হয়। রড, শাবল ও লাঠি নিয়ে ঘরে ঢুকে তাঁকে মারধর করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

আক্রান্ত আশাকর্মী বলেন, “আমি সেদিন ওদের হাত-পা ধরেছিলাম, কিন্তু ওরা শোনেনি। স্বামী বাইরে থাকেন, মেয়েকে নিয়ে একা থাকি। ওই দিনের পর থেকে আমরা চরম আতঙ্কের মধ্যে রয়েছি।”

রাজনৈতিক তরজা ও দলের অস্বস্তি: অভিযুক্ত বসন্ত পাঁজা মারধরের অভিযোগ অস্বীকার করে পালটা রাস্তা দখলের অভিযোগ তুলেছেন। অন্যদিকে, ধৃত সুশান্ত মণ্ডলের স্ত্রীর দাবি, দলের অভ্যন্তরীণ কোন্দলের জেরে তাঁকে ফাঁসানো হয়েছে। যদিও বিজেপির জামালপুর ১ মণ্ডলের সভাপতি প্রধানচন্দ্র পাল স্পষ্ট জানিয়েছেন, বাংলায় আইনের শাসন চলছে এবং অন্যায় করার ফলেই পুলিশ ব্যবস্থা নিয়েছে।

নেতার অতীত ও বিজেপির অস্বস্তি: পুলিশ জানিয়েছে, সুশান্ত মণ্ডলের বিরুদ্ধে অতীতেও বোমা মারার নাটক সাজানো এবং বিদ্যুৎ চুরির মতো একাধিক অভিযোগ রয়েছে। এই ঘটনায় জামালপুরের বিজেপি বিধায়ক অরুণ হালদার এবং কাটোয়া সাংগঠনিক সভাপতি স্মৃতিকণা বসু ক্ষোভ প্রকাশ করে বলেছেন, সুশান্তের মতো ‘ক্রিমিনাল মেন্টালিটির’ লোকেদের দলে নেওয়া ভুল হয়েছিল। দলের নাম ভাঙিয়ে কোনো অন্যায় বরদাস্ত করা হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছে বিজেপি নেতৃত্ব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *