অপারেশন লোটাস ব্যর্থ! মোদির স্বপ্নের ডিলিমিটেশন বিল কি তবে ঠান্ডাঘরে? – এবেলা

এবেলা ডেস্কঃ
রাজ্যসভায় ও লোকসভায় প্রয়োজনীয় বিশেষ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এবং দক্ষিণ ভারতের প্রভাবশালী দল ডিএমকের কড়া বিরোধিতার মুখে শেষ পর্যন্ত ডিলিমিটেশন বিল ও সংবিধান সংশোধনী বিল আনার উদ্যোগ স্থগিত রাখতে বাধ্য হচ্ছে কেন্দ্র। লোকসভায় ৫৪৩ থেকে আসন সংখ্যা বাড়িয়ে ৮৫০ করা এবং নারী শক্তি বন্দন অধিনিয়ম কার্যকর করার জন্য যে সংবিধান সংশোধনের প্রয়োজন ছিল, তা অর্জনে ব্যর্থ হয়েছে শাসক দল। বিদ্রোহী বিভিন্ন দলের সাংসদদের নিজেদের পক্ষে এনে এবং বিরোধী জোটে ভাঙন ধরাতেও প্রয়োজনীয় সংখ্যাতত্ত্বের গেরো কাটেনি। বিশেষ করে তামিলনাড়ুর ডিএমকে দলের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, ১৯৭১ সালের জনগণনার ভিত্তি অক্ষুণ্ণ রেখেই আসন পুনর্বিন্যাস করতে হবে এবং প্রতিটি রাজ্যে সমানুপাতিক হারে আসন বাড়াতে হবে। তাঁদের এই শর্ত এবং সংসদে দুই-তৃতীয়াংশ সমর্থনের অংক না মেলায় মোদি সরকারের এই মাস্টারপ্ল্যান আপাতত ধাক্কা খেয়েছে।
এরই মাঝে আগামী সপ্তাহে ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যামেন্ডমেন্ট বা এফসিআরএ বিল পাস করানোর উদ্যোগ নিয়েছেন অমিত শাহ। তবে সেই বিল পাস নিয়েও বিরোধীদের তীব্র প্রতিবাদের মুখে পড়তে চলেছে সরকার। ছাত্র আন্দোলনে দমনপীড়ন ও অন্যান্য ইস্যুতে বিরোধীদের প্রবল বিক্ষোভের জেরে ইতিমধ্যে সংসদের উভয় কক্ষেই অচলাবস্থা তৈরি হয়েছে। শাসক ও বিরোধী শিবিরের রাজনৈতিক টানাপোড়েনে আগামী সপ্তাহের সংসদীয় অধিবেশনও যে অত্যন্ত উত্তপ্ত হতে চলেছে, তা বলাই বাহুল্য।
