অফুরন্ত আনন্দের রাত নিমেষেই রূপ নিল বিষাদে পথে, ভয়ংকর দুর্ঘটনায় প্রাণ গেল তিন জনের – এবেলা

এবেলা ডেস্কঃ
পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের মেচেদার শান্তিপুরের হলদিয়া-মেচেদা রাজ্য সড়কে দুর্গাপুজোর আনন্দ বিষাদে পরিণত হয়েছে। উৎসবের রাতে ঠাকুর দেখতে বেরিয়ে বাইক ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হয়েছে তিন জনের। এই ভয়াবহ দুর্ঘটনায় আরও তিন জন গুরুতর আহত হয়েছেন, যাদের মধ্যে দু’জনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। রাতের অন্ধকারে হঠাৎ ঘটে যাওয়া এই দুর্ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে বাইক ও স্কুটি দুটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পরেই ঘটনাস্থলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধারের কাজে হাত লাগান। পরে খবর পেয়ে কোলাঘাট থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মেচেদার একটি নার্সিংহোমে ভর্তি করে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দুর্ঘটনায় জড়িত বাইক ও স্কুটির কোনো আরোহীর মাথায় হেলমেট ছিল না। এই মর্মান্তিক দুর্ঘটনার কারণে কিছু সময় হলদিয়া-মেচেদা রাজ্য সড়কে যান চলাচলও ব্যাহত হয়। উৎসবের মাঝে এমন আকস্মিক প্রাণহানির ঘটনায় পরিবারগুলিতে নেমে এসেছে গভীর শোকের মাতম।
