অবশেষে সব জল্পনার অবসান! বিজয়ের হাত ধরেই কি তবে সব দূরত্ব ঘুচল সঙ্গীতার? – এবেলা

এবেলা ডেস্কঃ
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ‘তামিলাগা ভেট্রি কাজাগাম’-এর প্রধান সি জোসেফ বিজয় ওরফে বিজয় থলপতি এবং তাঁর স্ত্রী সঙ্গীতা স্বর্ণালিঙ্গমের দীর্ঘ বৈবাহিক টানাপোড়েনের অবশেষে যবনিকা পড়ল। বিচ্ছেদের পথ সরিয়ে স্বামী বিজয়ের বিরুদ্ধে দায়ের করা মামলাটি আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নিয়েছেন সঙ্গীতা। গত শুক্রবার লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে হাজিরা দিয়ে তিনি এই সিদ্ধান্ত জানানোর পর বিচারক মামলাটি খারিজ করে দেন। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে চেঙ্গালপাট্টু জেলা আদালতে বিচ্ছেদের আর্জি জানিয়েছিলেন সঙ্গীতা। দাম্পত্য জীবনে বনিবনা না হওয়ার অভিযোগ তুলে খোরপোশের পাশাপাশি চেন্নাইয়ের বাসভবনে বসবাসের অধিকারও দাবি করেছিলেন তিনি। তবে মে মাসে বিজয়ের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর এই পারিবারিক বিবাদটি ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে।
আইনজীবীদের আবেদনের ভিত্তিতে একাধিকবার শুনানির তারিখ পেছালেও শেষ পর্যন্ত আইনি লড়াইয়ের ইতি টানলেন এই দম্পতি। ১৯৯৯ সালের ২৫ আগস্ট তামিল প্রথা মেনে চেন্নাইতে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন বিজয় ও সঙ্গীতা। তাঁদের এক পুত্র ও এক কন্যাসন্তান রয়েছে। সব বিতর্ক আর তিক্ততা পেছনে ফেলে অবশেষে নিজেদের ব্যক্তিগত সম্পর্ক নতুন করে গুছিয়ে নেওয়ার পথেই হাঁটলেন এই হেভিওয়েট দম্পতি।
